ভারতের ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে এবার বড় বিনিয়োগের ঘোষণা করল প্রযুক্তি সংস্থা এয়ারট্রাঙ্ক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সংস্থাটি ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা অর্থাত ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে দেশে ৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রী মোদী এক্স-এ জানান, দেশের ডিজিটাল ক্ষেত্রে এটি অন্যতম বৃহত্তম প্রস্তাবিত বিনিয়োগ। তাঁর মতে, এই প্রকল্প শুধু ডেটা সেন্টার নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে ভারতকে বিশ্বের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনেও গতি আসবে।
এয়ারট্রাঙ্কের সিইও রবীন খুদা বলেন, ভারতের ডিজিটাল অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। তাঁর দাবি, প্রয়োজনীয় পরিকাঠামো, দক্ষ মানবসম্পদ এবং উচ্চাকাঙ্ক্ষা— সবই রয়েছে ভারতের, যা তাকে ভবিষ্যতের এআই শক্তিকেন্দ্রে পরিণত করতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ‘লুমিনা ক্লাউডইনফ্রা’ অধিগ্রহণের মাধ্যমে ভারতীয় বাজারে প্রবেশ করে এয়ারট্রাঙ্ক। বর্তমানে মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদে তাদের ডেটা সেন্টার প্রকল্প রয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করে বর্তমানে এশিয়া-প্যাসিফিক ও পশ্চিম এশিয়ায় বৃহৎ ডেটা সেন্টার নেটওয়ার্ক পরিচালনা করছে।