মাঝ আকাশে হঠাৎই বিকল এয়ার ইন্ডিয়ার বিমান, কেরালায় জরুরি অবতরণ

মাঝ আকাশে বিপদের মুখে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আন্তর্জাতিক বিমান। মঙ্গলবার যাত্রিবাহী বিমানটির সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। কিন্তু কানপুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পরেই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এরপরে পাইলট কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটি কেরালার কান্নুরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৭টা ৪০মিনিটে কানপুর বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী ও ক্রু সদস্য নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু যাত্রা শুরুর দুঘণ্টা বাদেই পাইলট বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। তাঁরা লক্ষ্য করেন বিমানের একটি ইঞ্জিনে এর্মাজেন্সি লাইট জ্বলছে। এরপরে তাঁরা বিমানটি নিয়ে ফিরে আসেন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিকে জরুরি অবতরণ করানোর পরে যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে। যতক্ষণ না বিকল্প উড়ানের ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ যাত্রীদের হোটেলে থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।


সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় বিমানের ফুয়েল ফিল্টারে একটি সমস্যা ধরা পড়েছে। মনে করা হচ্ছে, সেই জন্যই বিমানে যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল। যদিও বিমান সংস্থা এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনও রিপোর্ট প্রকাশ করেনি।