ভোরবেলায় ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল গুজরাতের আমেদাবাদের একটি বহুতলে। তবে দমকলের তৎপরতা ও আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার জেরে বড় বিপদ এড়ানো গিয়েছে। প্রায় ৫০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি।
দমকল সূত্রে জানা গিয়েছে, সকালে প্রায় আটটা নাগাদ শেলা এলাকার একটি বহুতলের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। দ্রুত সেই আগুন উপরের তলায় ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।
প্রাথমিকভাবে বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রায় ৪০ থেকে ৫০ জনকে ছাদে নিয়ে যাওয়া হয়। পরে দমকলকর্মীরা সিঁড়ি দিয়ে তাঁদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। এই গোটা প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়, যাতে কোনওরকম হুড়োহুড়ি বা আতঙ্ক তৈরি না হয়।
দমকল আধিকারিকদের মতে, আবাসনের ভিতরে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভায়। মোট ১৮টি যানবাহন ও বহু দমকলকর্মী এই উদ্ধার অভিযানে অংশ নেন।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। একটি ফ্ল্যাট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।