২০২৬-এর বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে এই রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূলের সমর্থনে একের পর এক বিরোধী শিবিরের শীর্ষ নেতারা বাংলায় প্রচারে নামছেন। এই আবহেই রবিবার বঙ্গে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দলীয় সূত্রে খবর, রবিবার বিকেলে বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন কেজরিওয়াল। গুরু রবিদাস পার্কের পিছনে তাঁর জনসভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিলজলা রোড এলাকাতেও তাঁর কর্মসূচি রয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ২৬ ও ২৭ এপ্রিল জুড়ে একাধিক সভা করার কথাও খবরে রয়েছে।
অন্যদিকে, শনিবার থেকেই তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন বিরোধী জোটের অন্যান্য নেতারা। আরজেডি নেতা তেজস্বী যাদবের বরানগরের আলমবাজার মোড়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা। এরপর জোড়াসাঁকো ও রাসবিহারীতেও তাঁর প্রচার কর্মসূচি ছিল। একই দিনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কর্মসূচী ছিল চন্দননগর ও শ্রীরামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করার।
এই আবহে রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপিও পাল্টা কৌশল হিসেবে সদ্য দলবদল করা রাঘব চাড্ডাকে প্রচারে নামাতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।
উল্লেখ্য, ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় অর্থাত শেষ দফার ভোটগ্রহণ। ১৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল শেষ হচ্ছে প্রচারপর্ব। তার আগে বিরোধী শিবিরের একাধিক হেভিওয়েট নেতার আগমনে বঙ্গ রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।