তাজমহলের পর জয়পুরের আম্বার ফোর্ট পরিদর্শন করলেন রুবিয়ো

রাজস্থানের আম্বার ফোর্টে সস্ত্রীক মার্কিন সচিব

আগ্রায় তাজমহলের পর সোমবার আম্বার ফোর্ট ঘুরে দেখেন মার্কিন সচিব মার্কো রুবিয়ো এবং তাঁর স্ত্রী জেনেট ডি রুবিয়ো। সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর। মঙ্গলবার নয়াদিল্লিতে কোয়াডের বৈঠক বসতে চলেছে তার আগে রাজস্থান সফরে রয়েছেন মার্কিন সচিব। মঙ্গলবারের কোয়াড বৈঠকে থাকবে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং আঞ্চলিক কৌশলগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে বলে খবর।

রাজস্থান সফরের আগে তিনি সোমবার সকালে আগ্রায় যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা তাজমহল ঘুরে দেখেন। দর্শনার্থীদের খাতায় রুবিয়ো লেখেন, ‘বিশ্বের অন্যতম প্রকৃত রত্ন দর্শনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।‘ পরে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সফরে কিছু ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। তিনি তাজমহলকে ‘ভারতের অসাধারণ ঐতিহ্য ও শিল্পকুশলতার এক শ্বাসরুদ্ধকর প্রতীক বলে বর্ণনা করেন।‘

চার দিনের ভারত সফরে রয়েছেন মার্কিন সচিব মার্কো রুবিয়ো। সফরের প্রথমদিনই তিনি কলকাতায় আসেন। কলকাতা এসে তিনি মাদার হাউস পরিদর্শন করেন। সেই দিনই দুপুরের উড়ানে দিল্লি ফিরে যান। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল বিদেশমন্ত্রী জয়শঙ্করের সভাপতিত্বে কোয়াডের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।


তাজ মহল বরাবরই বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে বিবেচ্য। গত বছর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ও তাঁর স্ত্রী উষা ভান্স এবং তাঁদের সন্তান বিবেক, মিরাবেল ও ইওয়ানকে নিয়ে তাজমহল পরিদর্শন করেছিলেন। তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প তাঁর প্রথম দফার শাসনকালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে তাজমহল ঘুরে যান। সেই সময় তিনি তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সৌন্দর্যের এক চিরন্তর নিদর্শন’ বলে উল্লেখ করেছিলেন।