দিল্লির পর বিহার, মুজফ্‌ফরপুরের হাসপাতালের আইসিইউতে আগুনে মৃত অন্তত ৪

Picture: ANI

দিল্লির মালব্য নগরের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুনের বিভীষিকা। এবার বিহারের মুজফ্‌ফরপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে অন্তত ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটল। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রশাসনের আশঙ্কা, কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ ব্রহ্মপুরা এলাকার প্রসাদ হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের একটি বড় অংশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, চিকিৎসাকর্মী এবং তাঁদের পরিজনদের মধ্যে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মী, হাসপাতালের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আইসিইউ ও সিসিইউ থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। প্রায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মুজফ্‌ফরপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানান, আগুন লাগার সময় আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ভর্তি ছিলেন। উদ্ধারকাজ শেষ হওয়ার পরও হতাহতের সঠিক সংখ্যা নিয়ে ধোঁয়াশা থেকে যায়। তবে প্রশাসনের তরফে ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে

দমকল বিভাগের আধিকারিক রাম নিবাস পাণ্ডে জানিয়েছেন, ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। কালো ধোঁয়ায় আইসিইউ ভরে যাওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

মাত্র এক দিন আগে দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়। আহত হন ২৬ জন। পরপর দুই অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল, হোটেল ও অন্যান্য বহুতলের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।