মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল উত্তরপ্রদেশের ২৩ বছরের জনপ্রিয় ইউটিউবার ও তাঁর মায়ের। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায়। মৃতদের নাম ছাভি বর্শন (২৩) ও তাঁর মা সারিকা (৫০)-র। ছাভির বাবা-সহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উজ্জয়িনী-গারোঠ হাইওয়ের রামাখেড়ি গ্রামের কাছে একটি গাড়ি সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কার পর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং ভেঙে বাইরে ছিটকে পড়ে। আওয়াজ শুনেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা পুলিশ ও অ্যাম্বুল্যাসে খবর দেন। উদ্ধারকাজের সময় এক মহিলাকে গাড়ির ভিতর থেকে বার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে ছাভি ও তাঁর মাকে বরোডের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ছাভির বাবা শ্যামলাল, এক আত্মীয় সূরজপাল ও গাড়ি চালক সচিন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার রাতে তাঁরা তীর্থযাত্রার উদ্দেশ্যে উজ্জয়িনীর দিকে রওনা দিয়েছিলেন। তারপরে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। বরোড পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গাড়িটি ট্রাকের পিছনে ধাক্কা মেরেছিল বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: সীমান্তে শান্তির বার্তা, চিনের উপরাষ্ট্রপতির সঙ্গে ডোভালের বৈঠক
শ্যামলাল উত্তরপ্রদেশের মহাউখাস গ্রামের বাসিন্দা। তাঁর একটি মুদির দোকান রয়েছে। এদিকে ছাভি ছিলেন একদন জনপ্রিয় ইউটিউবার। তাঁর ইউটিউব চ্যানেলে ৭ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। অন্যদিকে, ইনস্টাগ্রামে রয়েছে ১ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার। ২০২১ সালে ইউটিউব চ্যানেলে নিজের যাত্রা শুরু করেছিলেন ছাভি। প্রথমে তিনি দৈনন্দিন জীবন নিয়ে ভ্লগ তৈরি করলেও পরে অনলাইন গেমিং কনটেন্টেও জনপ্রিয়তা পান। পরিবারের সদস্যরাও তাঁর সোশ্যাল মিডিয়ার কাজকে সমর্থন করতেন।