মাত্র ২৪ বছরেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন মহিলা বাইক রাইডার। মৃতের নাম ঋদ্ধি ঠাক্কর (২৪)। বুধবার ছত্তিশগঢ়ের ধামতারি জেলায় ন্যাশনাল হাইওয়ে ৩০-এ দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুত গতিতে আসা লরি ঋদ্ধির বাইকটিকে সজোরে ধাক্কা মারে। খবর পেয়েই আপতকালীন পরিষেবার সঙ্গে যুক্ত থাকা লোকজন ঋদ্ধিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপর তাঁকে শ্রীরাম হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ লরির ড্রাইভারের খোঁজে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, ঋদ্ধি পশ্চিম কান্দিভেলির বাসিন্দা। ঋদ্ধি সেদিন ২৩ জন বাইক রাইডারের সঙ্গে মুম্বাই থেকে যাত্রা শুরু করেছিলেন। এই পুরো দলটাই ছিল মুম্বাই ভিত্তিক। তাঁরা সকলেই বাইক নিয়ে বস্তারের উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার আগে রাইডার গ্রুপের বেশিরভাগ মেম্বারই আগে বাইক নিয়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। ঋদ্ধির সঙ্গে কয়েকজন রাইডার কিছুটা পিছিয়ে গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোর ৫-৬টা নাগাদ মারকাটোলা ঘাটের কাছে একটি লরি দ্রুত গতিতে এসে ঋদ্ধিকে পিছন থেকে ধাক্কা মারে। এরপরেই ঋদ্ধি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই আপতকালীন পরিষেবার সঙ্গে যুক্ত থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে ধামতারি জেলায় শ্রীরাম হাসপাতালে স্থানান্তরের কথা বলেন। গুরুতর আহত অবস্থায় ঋদ্ধিকে সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মা ও ভাইকে খুন করতে নিয়েছিল চ্যাটজিপিটির সাহায্য, গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত কিশোর
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকে লরি-সহ চালক পলাতক। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে চালক-সহ পলাতক চালকের খোঁজেও পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সেদিন ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য বাইক রাইডারদের বক্তব্য নথিভুক্ত করেছে। ঋদ্ধির দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ তাঁর পরিবারকেও খবর দিয়েছে। দুর্ঘটনার পর ঋদ্ধির পরিবার ও বাইক রাইডারের গোটা দল শোকাহত।