মহারাষ্ট্রের নাসিক জেলার দিন্দোরি মহকুমায় কুয়োয় গাড়ি পড়ে প্রাণ হারালেন ৬ শিশু-সহ ৯। তাঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, প্রত্যেকই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতদের নাম, সুনীল দত্তু দরগুড়ে, রেশমা সুনীল দরগুড়ে, শা অনিল দরগুড়ে, খুশি অনিল দরগুড়ে,মাধুরী অনিল দরগুড়ে, শ্রেয়াস অনিল দরগুড়ে, শ্রাবণী অনিল দরগুড়ে ও সমৃদ্ধি রাজেন্দ্র দরগুড়ে। মৃতরা প্রত্যেকেই নাসিক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে দিন্দোরির ইন্দোর গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ পরিবারটি একটি গাড়িতে বাড়ি ফিরছিল। শিবাজী নগর এলাকায় পৌঁছনোর সময় দুর্ঘটনাটি ঘটে। অন্ধকার থাকায় চালক রাস্তার ধারে থাকা একটি গভীর কুয়ো দেখতে পাননি। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কুয়োর মধ্যে পড়ে যায়। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে, গাড়িতে থাকা কেউই বেরিয়ে আসার সুযোগ পাননি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে দু’টি ক্রেন নামানো হয় এবং স্থানীয় সাঁতারুদেরও সাহায্য নেওয়া হয়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর গাড়িটি কুয়ো থেকে তোলা হয় এবং সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকাজ আরও দ্রুত শুরু হলে হয়তো কিছু প্রাণ বাঁচানো সম্ভব ছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।