বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮, আহত বহু

বিহারের নালন্দা জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বিহার শরিফ এলাকার একটি শীতলা মন্দিরে পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই মহিলা বলে জানা গিয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েক জন, যাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে চৈত্র মাসের শেষ মঙ্গলবার এবং মহাবীর জয়ন্তী উপলক্ষে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেই কারণেই ভোর থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করে। সময় যত গড়ায়, ততই বাড়তে থাকে জনসমাগম। পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। মন্দির চত্বরে বিপুল ভিড়ের কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যদিও সেগুলির সত্যতা এখনও যাচাই করা হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।


তবে কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। মুখ্যসচিবকে গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনার জন্য পটনার কমিশনারকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহায়তা প্রদান করা হবে।

স্থানীয়দের অভিযোগ, মন্দিরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না এবং ব্যারিকেড ভেঙে পড়ার পরই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।