মহারাষ্ট্রের জালনা জেলায় বুধবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন শ্রমিক এবং গুরুতর আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাদওয়ানচি গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রমিক বোঝাই একটি ছোট ট্রাক ওই এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বড় ট্রাক হঠাৎই ছোট ট্রাকটিকে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় ছোট ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
আহত চারজনকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বড় ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, দুর্ঘটনার সময় ছোট ট্রাকে থাকা যাত্রীদের অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করা হবে। এক পুলিশ আধিকারিক জানান, সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে অনেক যাত্রী গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।