নাগপুর থেকে উদ্ধার ৬ কেজি হাইড্রোপনিক গাঁজা। থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে পাঠানোর সময় কলকাতা পুলিশের একটি মামলায় মোজা আসগর( MOZA ASGAR) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। এর আগে, এই মামলাতেই গত ১৭ জুলাই কসবা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতের নাম হাসান আলি (২৮)। তিলজলার চৌবাগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলাতেই এটি দ্বিতীয় গ্রেপ্তার।
গ্রেপ্তারের সময় হাসান আলির কাছ থেকে ৫৫৮ গ্রাম হাইড্রোপনিক গাঁজা, ৭৬ হাজার ৫০০ টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার স্কেল উদ্ধার করা হয়েছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরও বিপুল পরিমাণ মাদক মজুত থাকার কথা জানিয়েছিল। এরপর তার দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে আরও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। গোটা তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফিও করা হয়েছিল।
পুলিশ জানিয়েছিল, সব মিলিয়ে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৭.০০৩ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করা হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটিরও বেশি। এছাড়াও উদ্ধার হয়েছিল ৭৬ হাজার ৫০০ টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার স্কেল।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান কুণাল আগরওয়াল জানিয়েছেন, “হাইড্রোপনিক গাঁজা থাইল্যান্ড থেকে মুম্বই, নাগপুর হয়ে কলকাতায় আসত। আবার কলকাতা থেকেও থাইল্যান্ডে পাচার করা হত। দেশে-বিদেশে একাধিক জায়গায় একটি বড় সিন্ডিকেটের মাধ্যমে এই মাদকের কেনাবেচা চলত।” পুলিশ গোটা সিন্ডিকেটটিকেই ভেঙে দেওয়ার চেষ্টা করছে। নাগপুর থেকে উদ্ধার হওয়া ৬ কেজি হাইড্রোপনিক গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।