প্রতিশ্রুতি রক্ষায় কেন্দ্র ব্যর্থ, ৫ সেপ্টেম্বর ফের পথে সিজেপি

Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke speaks to the media, in New Delhi on Wednesday. CJP chief spokesperson Saurav Das and national spokesperson Ashutosh Ranka also present. (ANI Video Grab)

কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রাখেনি। এই অভিযোগ তুলে ফের পথে নামার ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করার কথা ঘোষণা করেছে তারা। যদিও দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই কর্মসূচির জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। ফলে মিছিল আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সিজেপির দাবি, যন্তর মন্তরে আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি। প্রতিবাদী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি সংগঠনটির। সেই দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের মিছিলে মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারের সদস্য এবং আগের আন্দোলনে পুলিশি নির্যাতনে আহত বিক্ষোভকারীরা যোগ দেবেন বলে জানিয়েছেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস।

তবে কর্মসূচি ঘিরে শুরু থেকেই আপত্তি রয়েছে দিল্লি পুলিশের। পুলিশের বক্তব্য, ইন্ডিয়া গেট এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা বলবৎ রয়েছে। ফলে সেখানে ৫ বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, সিজেপির পক্ষ থেকে এখনও কোনও মিছিল বা বিক্ষোভের অনুমতি চাওয়া হয়নি। সিজেপির তরফে অবশ্য জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই পুলিশের কাছে কর্মসূচির কথা জানানো হবে।


পুলিশ সূত্রে খবর, ইন্ডিয়া গেট এলাকায় মিছিলের অনুমতি না দিয়ে অন্য কোনও জায়গায় কর্মসূচি করার প্রস্তাব দেওয়া হতে পারে। বিক্ষোভকারীর সম্ভাব্য সংখ্যা বিবেচনা করে রামলীলা ময়দান বা অন্য কোনও জায়গা বেছে নেওয়ার কথা বলা হতে পারে। কর্মসূচি ঘিরে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আধিকারিকদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। বিক্ষোভকারীদের গতিবিধি এবং অন্য রাজ্য থেকে সমর্থকরা দিল্লিতে আসবেন কি না, তা-ও নজরে রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।

 এর আগে প্রায় এক মাস যন্তর মন্তরে ধর্না দিয়েছিল সিজেপি। নিট কেলেঙ্কারির প্রতিবাদে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং নিটের কারণে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছিল তারা। ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর কেন্দ্রের সঙ্গে বৈঠক হয় সিজেপি নেতৃত্বের। বৈঠকের পর সংগঠনের তরফে জানানো হয়, তাদের সমস্ত দাবি পূরণের আশ্বাস মিলেছে। এরপরই যন্তর মন্তরের ধর্না প্রত্যাহার করা হয়। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ তুলে ফের আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি।
সংগঠনটির দাবি, ৫ সেপ্টেম্বরের মিছিল শুধু নিট-সংক্রান্ত দাবিতে সীমাবদ্ধ থাকবে না। সরকারি স্কুলের পরিকাঠামোর উন্নয়ন নিয়েও দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ প্রচার চালাচ্ছে তারা। দেশের সব রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে সরকারি স্কুলের পরিকাঠামো, শিক্ষক-ছাত্রের অনুপাত এবং অর্থ বরাদ্দের তথ্য চেয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।