মধ্যপ্রদেশে ট্রাক্টরের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত ৫

ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায়। সোমবার ভোররাতের এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একটি এসইউভির সঙ্গে সোয়াবিন বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতেরা সকলেই মাখন নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নর্মদাপুরম থানার পুলিশ জানিয়েছে, গাড়ির আরোহীরা সোমবার ভোররাতে বুদনিতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নর্মদাপুরম জেলার মাখন নগর থানা এলাকার আনচলখেলার কাছে তাওয়া নদীর ব্রিজে আচমকাই বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে এসইউভিটির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন ৭ জন। হতাহতেরা সকলেই এসইউভির যাত্রী।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এসইউভিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে।  এলাকার বাসিন্দারাই আহতদের উদ্ধার করে মাখন নগরের একটি হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ। গাড়িটির আরোহীরা সকলেই মাখন নগরের মহেন্দ্রওয়াড়ির বাসিন্দা।