দিল্লিতে এআই নিয়ে ৫ দিনের সম্মেলন, শুরু হচ্ছে সোমবার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আন্তর্জাতিক স্তরের বড় সম্মেলন শুরু হচ্ছে দিল্লিতে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে পাঁচ দিনের এই আয়োজন। সম্মেলনের নাম ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। ভারত তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ায় এআই নিয়ে এত বড় মাপের সম্মেলন আগে হয়নি বলেই দাবি আয়োজকদের।

সম্মেলনে যোগ দিতে আসছেন বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থার প্রধানেরা। উপস্থিত থাকবেন গুগলের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার শীর্ষকর্তারা। পাশাপাশি অংশ নেবেন ২০টি দেশের রাষ্ট্রপ্রধান বা শীর্ষ নেতা। আগামী বৃহস্পতিবার সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলন চলাকালীন বিভিন্ন রাষ্ট্রনেতা ও শিল্পপতিদের সঙ্গে তাঁর একাধিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

ভারতে আসছেন এমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা । রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রায় দুই লক্ষ মানুষ এই সম্মেলনের জন্য নাম নথিভুক্ত করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে কৃষক ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও রয়েছেন, যা এআই-কে বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে।


এআই গবেষণা ও মানবসম্পদের নিরিখে ভারত বর্তমানে বিশ্বে দ্বিতীয় স্থানে। এই প্রেক্ষাপটে সম্মেলনকে ঘিরে বিনিয়োগের সম্ভাবনাও জোরালো। ইতিমধ্যেই মাইক্রোসফট ভারতে এআই পরিকাঠামো সম্প্রসারণে চার বছরে ১৭৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

সম্মেলনের অধিবেশনগুলি অনুষ্ঠিত হবে ভারত মণ্ডপম, সুষমা স্বরাজ ভবন এবং নয়াদিল্লির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে। প্রযুক্তি, নীতি নির্ধারণ ও বিনিয়োগ—এই তিন অক্ষে দাঁড়িয়েই এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-কে ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে কৌতূহল।