ফাঁকা জমির কয়েক ফুট নীচ দিয়ে চলে গিয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর অপরিশোধিত তেলের পাইপলাইন। সেই পাইপলাইন ফুটো করে প্রায় ২০ টন অপরিশোধিত তেল চুরির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করল গুজরাত এটিএস এবং রাজস্থান পুলিশ। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগেও ছোটখাটো চুরির অভিযোগ ছিল বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজকোটের ঘনশ্যাম সোনি (৫৪), জয়রাজসিং চুড়াসমা (৩৪), জালোরের মুকেশ মেঘওয়াল (৪৪), গান্ধীনগরের রঞ্জিত চোরাসিয়া (৪৮), মেহসানার রমেশ ঠাকোর (৪১), সুরেজি ঠাকোর (৩২), মহেশ ঠাকোর (৩২) ও উত্তরপ্রদেশের ইটাওয়ার দিলীপ যাদব (৩৫)।
সেই প্রতিবেদন অনুযায়ী, আমেদাবাদ-রাজকোট হাইওয়েতে চোরাই অপরিশোধিত তেল বিক্রির চেষ্টা চলছে বলে গুজরাত এটিএসের কাছে খবর আসে। সেই সূত্র ধরে রাজকোট জেলার সোখদা গ্রামের কাছ থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই গোটা চক্রের হদিশ মেলে। পরে রাজস্থানের বালোত্রা জেলার তাপরা গ্রাম থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বালোত্রার কালুদি গ্রামের সীমান্তবর্তী একটি নির্জন এলাকায় প্রায় ৩-৪ ফুট গভীর গর্ত খুঁড়ে HPCL-এর অপরিশোধিত তেল পরিবহণকারী পাইপলাইনে বেআইনিভাবে ফুটো করা হয়। সেখানে একটি ভালভও বসানো হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা জেলের মধ্যে থেকে নিজেদের পরিচিতদের মাধ্যমে HPCL-এর প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করেছিল। সেই তথ্যের ভিত্তিতেই পাইপলাইনের সঠিক জায়গা চিহ্নিত করে বালোত্রার পারপাদার এলাকায় গর্ত খোঁড়া হয়।
আরও পড়ুন: বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, স্বস্তি গ্রাহকদের, কী জানাল কেন্দ্র?
এরপর পাইপলাইনে ফুটো করে ভালভ বসিয়ে সেখান থেকে অপরিশোধিত তেল চুরি করা হয়। দুটি গাড়িতে করে প্রায় ২০ টন তেল নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রাজস্থানের বেওয়ারের এক বাসিন্দার কাছে সেই চোরাই তেল বিক্রির চেষ্টা করার সময় তদন্তকারী সংস্থার কাছে খবর যায়। এই ঘটনায় রাজস্থানের জাসোল থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সঙ্গে আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে এটিএস।