ভয়াবহ দাবানল উত্তরাখণ্ডে মৃত ২, বিপাকে চারধামে যাওয়া পুণ্যার্থীরা

ভয়াবহ দাবানল উত্তরাখণ্ডে। এই দাবানলে প্রাণ হারিয়ছেন দুই স্থানীয় বাসিন্দা। জখম হয়েছেন বেশ কয়েকজন। অনেকেই ঘরছাড়া। পরিস্থিতির কারণে চারধাম যাত্রাও ব্যাহত হয়েছে। জানা গিয়েছে, চামোলি জেলার জোশীমঠ এলাকায় দাবানল শুরু হয়েছে। গ্রামবাসীদের সঙ্গেই আগুন  নেভানোর কাজ করতে গিয়ে গুরুতর জখম হন রাজেন্দ্র সিং (৪৩) নামে স্থানীয় পাখি গ্রামের এক ব্যক্তি।

পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়ায়। রাজেন্দ্রর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অন্যদিকে তেহরি গাড়োয়ালের কীর্তিনগর ব্লকে পান্ডুল গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অঞ্জু দেবী (৫০) নামে এক প্রৌঢ়ার। জানা গিয়েছে, আগুনের গ্রাস থেকে নিজের ঘর বাঁচাতে জল ঢালতে গিয়ে ভয়বহ আগুনের মধ্যে আটকে পড়েন অঞ্জু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দাবানলের জেরে রুদ্রপ্রয়াগদের পাহাড়, উপত্যকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে তীব্র অস্বস্তিতে পড়েছেন চারধাম যাত্রীরা। প্রচণ্ড আগুনের জেরে শীতপ্রধান এই এলাকার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ধোঁয়ার কারণে কমেছে দৃশ্যমানতা। উত্তরকাশীতেও আগুন দ্রুত আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়ছে। বাসুগাঁওয়ে ভয়াবহ আগুন নেভাতে বন দফতর, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনী একযোগে কাজ করছে। আগুন যাতে আশপাশের  গ্রামে ছড়িয়ে না পড়ে তার জন্য ২৪ ঘণ্টাই কাজ করছেন উদ্ধারকারীরা।