মুম্বইয়ে বিএমডব্লিউ দুর্ঘটনায় মৃত ২, চালকের বিরুদ্ধে এফআইআর রুজু পুলিশের

প্রতীকী চিত্র

মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-ভাদোদরা হাইওয়েতে বিএমডব্লিউ দুর্ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে গাড়িটির গতি ছিল প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। সেই সঙ্গে গাড়ির চালক অঙ্গদ ট্রাফির বিধি লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।

দুর্ঘটনার পরেই পুলিশ মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক সন্দেহ হয়েছিল চালকের উপরে। রবিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না? চালক ট্রাফিক বিধি মেনে ওইদিন গাড়ি চালাচ্ছিলেন কি না? সেইসব বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে।

বদলাপুর থানার একজন সিনিয়র পুলিশ আধিকারিক জা্নান, তদন্তে দেখা গিয়েছে, চালক ট্রাফিক বিধি না মেনে প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে গিয়েছিল। সেই সময়ে গাড়িতে তিনজন ছিলেন।


উল্লেখ্য, রবিবার ভোরবেলা মুম্বইয়ের ওই হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ওইদিন গাড়িটি তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল। গাড়িতে রেবেকা জ্যাকব, যোগেশ কিশান নেগি এবং অঙ্গদ গিল এই তিনজন ছিলেন। তাঁরা এদিন একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন। দুর্ঘটনার দিন অঙ্গদ গাড়িটি চালাচ্ছিলেন। সেই সময়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই বদলাপুরের বাসিন্দা যোগেশ দিঘে ও বিকেবা জাকাপ নামে দু’জনের মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে, কয়েক মিটার দূরে মৃতদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। গাড়ির চালক অঙ্গদকে গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।