পূর্ব চম্পারণে বড় অভিযান, ১৬ নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার ৬ অভিযুক্ত

পাটনা, ৬ এপ্রিল— মানবপাচার ও নাবালিকাদের শোষণের বিরুদ্ধে বড়সড় অভিযান। বিহারের পূর্ব চম্পারণ জেলায় ১৬ জন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোতিহারি জেলার একাধিক থানায় অভিযোগ জমা পড়ার পরই একযোগে অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অর্কেস্ট্রা দলের সঙ্গে যুক্ত আস্তানাগুলিতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় ওই নাবালিকাদের।

অভিযোগ, কাজের প্রলোভন দেখিয়ে এই মেয়েদের নিয়ে আসা হয়েছিল। পরে ‘শাস্ত্রীয় নৃত্য’-এর নাম করে তাদের দিয়ে অশালীন নাচ করানো হত এবং অনৈতিক কাজে বাধ্য করা হত। পুলিশের প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। জেলার পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানিয়েছেন, ঢাকা এলাকা থেকে ২ জন, পাচপাকরি থেকে ২ জন এবং পাতাহি এলাকা থেকে ১২ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ফলে মোট উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬। ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানাগুলিতে অভিযোগ দায়ের হয়েছে এবং আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে আন্তঃরাজ্য মানবপাচার চক্র জড়িত থাকতে পারে। কারণ উদ্ধার হওয়া বেশ কয়েকজন নাবালিকা বিহারের বাইরের রাজ্যের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে এবং নতুন কোনও অভিযোগ সামনে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।