বিহারে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ১৩ জন, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

বিহারের কাটিহার জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারে। কোধা ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কে একটি বাস, ট্রাক ও পিক-আপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয় জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিক-আপ ভ্যানে থাকা যাত্রীরা মূলত পার্শ্ববর্তী পূর্ণিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের সবাইকে পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও সম্পূর্ণভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পুলিশ ইতিমধ্যেই শনাক্তকরণের কাজ শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিক-আপ ভ্যানকে ধাক্কা মারে, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কাটিহারের পুলিশ সুপার আশুতোষ দ্বিবেদী জানিয়েছেন, নিহতদের অধিকাংশই পূর্ণিয়ার বাসিন্দা, যদিও কাটিহারের তিনজন বাসিন্দার মৃত্যুর খবরও নিশ্চিত হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।


এই মর্মান্তিক ঘটনার পর শোকপ্রকাশ করেছেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীও গভীর শোকপ্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।