ইরানে আটক ১০ জন ভারতীয় নাবিকের মুক্তি, স্বস্তি দিল্লির

প্রায় দশ মাস বন্দিদশা কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন ইরানে আটক ১০ ভারতীয় নাবিক। মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে ভারতের জাহাজ মন্ত্রক ও ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। ইতিমধ্যেই তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০২৫-এর জুলাই মাসে এমভি হারবার ফিনিক্স নামে একটি তেলবাহী জাহাজকে ইরানের জাস্ক বন্দরের কাছে আটক করেছিল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ওই জাহাজে থাকা ১০ জন ভারতীয় নাবিককেও আটক করা হয়। পরে তাঁদের কারাবন্দি করে রাখা হয়েছিল বলে জানা যায়।

কেন জাহাজটি আটক করা হয়েছিল, সে বিষয়ে ইরানের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ভারতীয় নাবিকদের মুক্তির জন্য গত কয়েক মাস ধরে তেহরান ও দিল্লির মধ্যে কূটনৈতিক স্তরে একাধিক দফায় আলোচনা চলছিল। সেই আলোচনার ফলেই শেষ পর্যন্ত ইরান তাঁদের মুক্তি দিয়েছে বলে মনে করা হচ্ছে।


চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা চাপ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে দেয় তেহরান। এর ফলে বহু বিদেশি তেল ও গ্যাসবাহী জাহাজ মাঝপথে আটকে পড়ে।

এর পর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথকে কেন্দ্র করে শুরু হয় আন্তর্জাতিক চাপানউতোর। আমেরিকা বারবার ইরানের উপর চাপ সৃষ্টি করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। পরে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইরান জানিয়ে দেয়, হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং ওই জলপথ ব্যবহারকারী জাহাজগুলির কাছ থেকে করও আদায় করা হবে।

বর্তমানে কিছু জাহাজকে ছাড়তে শুরু করলেও পুরো পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই আবহেই ভারতীয় নাবিকদের মুক্তি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর বলে মনে করছে কূটনৈতিক মহল। এখন তাঁদের নিরাপদে দেশে ফেরানোর দিকেই নজর দিল্লির।নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।