পবন খেরার বাড়িতে পুলিশি তল্লাশি, ভোটের আগে বিতর্ক চরমে

সাম বিধানসভা নির্বাচনের ঠিক আগে নতুন করে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে কংগ্রেস নেতা পবন খেরা। মুখ্যমন্ত্রীর স্ত্রীকে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর দিল্লির বাসভবনে হানা দিল আসাম ও দিল্লি পুলিশের যৌথ দল। তবে তল্লাশির সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। পবন খেরা অভিযোগ করেন যে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার একাধিক দেশের পাসপোর্ট রয়েছে। তাঁর দাবি ছিল, ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী, মিশর এবং অ্যান্টিগা ও বারবুডার পাসপোর্ট রয়েছে তাঁর, যা ভারতীয় আইনে বেআইনি।

এই অভিযোগের পরই সোমবার রিনিকি ভুঁইয়া শর্মা পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতেই মঙ্গলবার তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে।এদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং ডিজিটাল কারসাজির মাধ্যমে তাঁর পরিবারকে বদনাম করার চেষ্টা করছে। পাশাপাশি তিনি বলেন, আইন নিজের পথে চলবে।


অন্যদিকে কংগ্রেস এই পদক্ষেপকে ‘প্রতিশোধমূলক রাজনীতি’ বলে অভিযোগ করেছে। দলের নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, এই তল্লাশির কোনও আইনি ভিত্তি নেই এবং বিরোধীদের ভয় দেখাতেই এই পদক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আসামে এক দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার ঠিক আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।