ডাঃ হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন

আধুনিক হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হল কলকাতার ভবানীপুরে। প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হাসপাতাল ও কলেজের প্রাক্তনীদের সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতাপ চন্দ্র মজুমদারের বংশধর প্রচেতা মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথি শিক্ষা দপ্তরের প্রধান ডা. রজত চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির গুরুত্ব, বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডা. রজত চট্টোপাধ্যায় বলেন, ‘বর্তমান সময়ে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথির গুরুত্ব বাড়ছে। তবে এই ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে গবেষণা ও শিক্ষার উন্নয়ন অত্যন্ত জরুরি।’


তিনি নতুন প্রজন্মের চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, যাতে তারা এই চিকিৎসা পদ্ধতির প্রসারে আরও সক্রিয় ভূমিকা নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডাক্তার সহিদুল ইসলাম, ডাক্তার বি পি দাস, ডাক্তার অনুপম ভট্টাচার্য, ডাক্তার সুরেশ আগরওয়াল, ডাক্তার ফারা ইলাহি প্রমুখ।

সারা অনুষ্ঠান জুড়ে হোমিওপ্যাথি চিকিৎসার বিস্তার ও সমাজে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। বক্তাদের বক্তব্যে উঠে আসে, সহজলভ্য ও কম খরচে চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে সামনে আসছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসক মহল একযোগে হোমিওপ্যাথির প্রসার এবং উন্নত গবেষণার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা নেওয়ার সংকল্প গ্রহণ করেন।