কলকাতায় বিরল ও জটিল কিডনি সমস্যার সফল চিকিৎসা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করল আরজি স্টোনস ইউরোলজি অ্যান্ড ল্যাপারোস্কোপি হাসপাতাল। গুরুতর হাইড্রোনেফ্রোসিস-সহ অশ্বখুরাকৃতি কিডনিতে পিইউজে প্রতিবন্ধকতার একটি কঠিন সমস্যা দক্ষতার সঙ্গে অস্ত্রোপচার করে চিকিৎসকরা রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছেন।
রোগী দীর্ঘদিন ধরে বাম পাশের কোমরে ব্যথায় ভুগছিলেন। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর কিডনির গঠন স্বাভাবিক নয়; দুটি কিডনি নিচের দিকে যুক্ত হয়ে অশ্বখুরের মতো আকৃতি নিয়েছে। এই জন্মগত ত্রুটির কারণে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে কিডনিতে প্রস্রাব জমে ফুলে ওঠে, যাকে চিকিৎসাবিজ্ঞানে হাইড্রোনেফ্রোসিস বলা হয়।
আরও পরীক্ষায় জানা যায়, একটি রক্তনালি কিডনির গুরুত্বপূর্ণ সংযোগস্থলে চাপ সৃষ্টি করে সমস্যা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে শুধু বাধা দূর করাই নয়, সেই রক্তনালিটিকেও অক্ষত রাখা ছিল বড় চ্যালেঞ্জ।
ইউরোলজির কনসালটেন্ট চিকিৎসক ডা. জিশান রহমানের নেতৃত্বে রোগীর শরীরে বিশেষ অস্ত্রোপচার করা হয়। সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে শরীরে ছোট ছিদ্র দিয়ে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এতে সমস্যা মেটার পাশাপাশি রক্তনালিটিও সুরক্ষিত থাকে।
অস্ত্রোপচারের পরে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। মাত্র তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই সাফল্য প্রমাণ করল, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে বিরল এবং কঠিন কিডনি সমস্যারও কার্যকর সমাধান সম্ভব। চিকিৎসাক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ অর্জন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।