দেশজুড়ে ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রেড রোড থেকে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান জানিয়েছেন। সকাল থেকেই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ তথা রাজ্যের নানা প্রান্তে ছোট-বড় অনুষ্ঠান হয়ে চলেছে। তবে যে কোনও অনুষ্ঠানই খাওয়া-দাওয়া ছাড়া অসম্পূর্ণ। স্বাধীনতা দিবসে রাঁধতে পারেন তেরঙা পোলাও। আর সঙ্গে যদি থাকে সুগন্ধি ও মশলাদার হায়দরাবাদি গ্রিন চিকেন, তা হলে তো কথাই নেই। রইল দুই পদের সহজ রেসিপি।
তেরঙা পোলাও—
উপকরণ- উপকরণ হিসেবে প্রথমেই লাগবে বাসমতি চাল। ২ কাপের বাসমতি চাল দিয়ে পোলাও করতে লাগবে ২টো আলু, ২টো গাজর, পেঁয়াজ ২টো এবং ফুলকপি ২টো। আধ কাপ মটরশুঁটি, ক্যাপসিকাম ১টি এবং পনির লাগবে ৫০ গ্রাম। ধনেপাতা দেবেন ২ টেবিল চামচ। খাবার উপযোগী সবুজ রং এক চা চামচ দেবেন। সেই সঙ্গে হলুদ রং দেবেন ১ চা চামচ। রসুন ৫ কোয়া, আদা কুচি ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, শুকনো লঙ্কা ৩ থেকে ৪টি। আর লাগবে আধ চা চামচ জিরে, স্বাদমতো নুন এবং তেল প্রয়োজনমত।
প্রণালী- প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে প্রায় ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এর মধ্যে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম ও ফুলকপি কুচিয়ে নিন এবং পনির ছোট টুকরো করে কাটুন।
কড়াইয়ে তেল গরম করে সবজিগুলি আলাদ আলাদ করে হালকা ভেজে তুলে রাখুন। গাজর ও মটরশুঁটি সেদ্ধ করে রাখুন। এরপর ভেজানো চাল নুন দিয়ে সেদ্ধ করে নিন। চাল পুরোপুরি সেদ্ধ না করে আধ সেদ্ধ করে রাখুন।
সেদ্ধ ভাত তিনটি সমান ভাগে ভাগ করুন। একটি ভাগ সাদা রাখুন। দ্বিতীয় ভাগে সামান্য হলুদ রং এবং তৃতীয় ভাগে সবুজ খাবার রং মিশিয়ে নিন।
সবুজ ভাতের সঙ্গে মটরশুঁটি ও ক্যাপসিকাম মেশান। সাদা ভাতের সঙ্গে পনির, পেঁয়াজ ও ফুলকপি মিশিয়ে নিন। হলুদ ভাতের সঙ্গে গাজর ও অন্যান্য পছন্দের সবজি মেশাতে পারেন।
এরপর আদা, রসুন, ধনে, জিরে ও শুকনো লঙ্কা দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করুন। কড়াইয়ে সামান্য তেলে পেস্টটি কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিন। তিন ভাগ ভাতেই প্রয়োজনমতো এই মশলা মিশিয়ে নিন।
সব শেষে একটি বড় প্লেটে পাশাপাশি তিন রঙের ভাত সুন্দর করে সাজিয়ে দিন। টমেটোর টুকরো ও ধনেপাতা দিয়ে সাজালেই তৈরি স্বাধীনতা দিবসের বিশেষ তেরঙা পোলাও।
হায়দরাবাদি গ্রিন চিকেন
তেরঙা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন সুস্বাদু হায়দরাবাদি গ্রিন চিকেন। ধনেপাতা, পুদিনা, কাজু ও দইয়ের মিশ্রণে তৈরি এই পদটি যেমন দেখতে আকর্ষণীয় ঠিক তেমনই স্বাদে অতুলনীয়।
উপকরণ-
মুরগির মাংস- ৫০০ গ্রাম
ধনেপাতা- ১ কাপ
পুদিনাপাতা- ১ কাপ
কাঁচা লঙ্কা- ২-৩টি
ভাজা পেঁয়াজ- ২টি
কাজুবাদাম- ১২টি
শাকপাতা-১৫টি (ইচ্ছেমতো)
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
টক দই- ৩/৪ কাপ
তেল- ৪ টেবিল চামচ
ধনে গুঁড়ো- ২ চা চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা- আধ চা চামচ
নুন-স্বাদমতো
প্রণালী- প্রথমে পেঁয়াজ পাতলা করে কেটে সোনালি করে ভেজে নিন। শাকপাতা গরম জলে প্রায় ২ মিনিট রেখে ঠান্ডা জলে রেখে তুলে নিন। এবার ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ, কাজুবাদাম ও শাকপাতা একসঙ্গে মিক্সারে দিয়ে পেস্ট করে নিন।
মাংসতে নুন, হলুদ ও আদা-রসুন বাটা মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর এর সঙ্গে দই ও তৈরি করা সবুজ পেস্ট ভালোভাবে মিশিয়ে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রাখুন। কড়াইয়ে তেল গরম করে মশলা মাখানো চিকেন দিয়ে প্রায় ৫ মিনিট ভালো করে নাড়াচাড় করুন। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংস কষিয়ে নিন।
মাংস ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট রান্না করুন। এরপর প্রয়োজনমতো জল ও নুন দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। সবশেষে গরম মশলা ছড়িয়ে ২-৩ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম হায়দরাবাদি গ্রিন চিকেন তেরঙা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। পাশে লেবু ও পেঁয়াজ রাখলে স্বাদ আরও বেড়ে যাবে।