Explainer: দুপুরেই ঘনাবে অমাবস্যার আঁধার, ১২ আগস্ট ইউরোপ জুড়ে এ কোন মহাজাগতিক বিরল ঘটনা

Solar Eclipse (@NASA)

দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ১২ আগস্ট ইউরোপের মূল ভূখণ্ড ফের সাক্ষী থাকবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের (Total Solar Eclipse)। শেষ বার এমন দৃশ্য দেখা গিয়েছিল ১৯৯৯ সালের ১১ অগস্ট। এ বার সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেন-সহ বিস্তীর্ণ এলাকা।

বিরল দৃশ্য

মহাজাগতিক এই গ্রহণসফর শুরু হবে রাশিয়ার প্রত্যন্ত সাইবেরিয়া (Siberia) থেকে। এরপর তা পেরিয়ে যাবে গ্রিনল্যান্ডের বরফাবৃত অংশ। ছুঁয়ে যাবে আইসল্যান্ডের পশ্চিম উপকূল। আটলান্টিক মহাসাগর পেরিয়ে শেষমেশ পৌঁছবে উত্তর স্পেনে। সেখান থেকে গোটা ইবেরিয়ান উপদ্বীপ (Iberian Peninsula) চিরে গ্রহণের ছায়াপথ মিলিয়ে যাবে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের (Balearic Islands) কাছে ভূমধ্যসাগরে। অর্থাৎ, পূর্ণগ্রাস গ্রহণের বিস্তার একশো আশি মাইল চওড়া একটি পথ বরাবর।


Total Solar Eclipse 2026 (NASA/JPL-Caltech)

কতক্ষণ থাকবে অন্ধকার

গোটা গ্রহণ পর্ব শুরু হবে ইউনিভার্সাল টাইম (UTC) অনুযায়ী বিকেল সাড়ে তিনটে নাগাদ। শুরু থেকে শেষ পর্যন্ত সময় লাগবে প্রায় চার ঘণ্টা তেইশ মিনিট। তবে আসল আকর্ষণ, অর্থাৎ পূর্ণগ্রাসের সময়টুকু, স্থায়ী হবে মাত্র দুই মিনিট আঠারো সেকেন্ড। সবচেয়ে দীর্ঘ সময় ধরে অন্ধকার দেখা যাবে আইসল্যান্ডের কাছাকাছি এলাকায়। স্পেনে গ্রহণ ঘটবে স্থানীয় সময়ে সন্ধ্যা প্রায় সাড়ে আটটায়, তখনও অস্ত যাওয়ার ঠিক আগে দিগন্তের কাছেই থাকবে সূর্য।<iframe width=”943″ height=”530″ src=”https://www.youtube.com/embed/29ixFQIGZaY” title=”2026 Total Solar Eclipse (Official NASA Trailer)” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>

ভারত ও পশ্চিমবঙ্গ থেকে কী দেখা যাবে

এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণের প্রভাব পড়বে মূলত ইউরোপ, উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকার একাংশ, আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে। ফলে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি এই মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ নেই। তবে বিভিন্ন সংস্থার লাইভ স্ট্রিমিংয়ের (Live Streaming) মাধ্যমে ঘরে বসেই এই দৃশ্য দেখার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে।

কেন এত গুরুত্বপূর্ণ এই গ্রহণ

২০২৪ সালের এপ্রিল মাসে উত্তর আমেরিকা জুড়ে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, তার পর এটিই ইউরোপের মাটিতে প্রথম এমন ঘটনা। মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসার (NASA) হিসেব অনুযায়ী, এই গ্রহণের চূড়ান্ত মুহূর্তে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে। তখনই খালি চোখে দেখা যাবে সূর্যের বাইরের বলয় বা করোনা (Corona), যা সাধারণ সময়ে সূর্যের প্রখর আলোর কারণে দেখা যায় না। জ্যোতির্বিদদের একাংশের মতে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্টও দক্ষিণ স্পেন দিয়ে আরও একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ যাবে। ফলে ইউরোপের জন্য পরপর দুটি গ্রীষ্ম হয়ে উঠতে চলেছে গ্রহণপ্রেমীদের কাছে সোনালি সময়।

সতর্কতা

গ্রহণ চলাকালীন খালি চোখে সূর্যের দিকে তাকানো একেবারেই নিরাপদ নয়। এর জন্য প্রয়োজন বিশেষ সৌর ফিল্টারযুক্ত (Solar Filter) চশমা। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সরাসরি সূর্যের ছবি তোলার সময়েও চোখ সূর্যের দিকে না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।