‘পরীক্ষা পে চর্চা’য় নিজের পদ্ধতিতে পড়াশোনার পরামর্শ প্রধানমন্ত্রীর

পরীক্ষার চাপকে ভয় না পেয়ে নিজের পড়াশোনার পদ্ধতির উপর ভরসা রাখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এ দেশজুড়ে বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথোপকথনে তিনি সময় ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং আত্মবিশ্বাসের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এই কর্মসূচিতে দিল্লি-র লোক কল্যাণ মার্গ ছাড়াও কোয়েম্বাটুর, রায়পুর, দেবমোগরা ও গুয়াহাটির পড়ুয়ারা যুক্ত ছিলেন। পড়ুয়ারা পড়াশোনার চাপ, প্রত্যাশা সামলানো এবং নিজের উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন করেন।

গুজরাতের এক পড়ুয়ার প্রশ্নের উত্তরে মোদী বলেন, ‘পড়াশোনার কোনও নির্দিষ্ট পদ্ধতি নেই। অন্যকে দেখে নিজের পদ্ধতি বদলানো উচিত নয়। যেমন খাবার খাওয়ার সময় প্রত্যেকের আলাদা অভ্যাস থাকে, তেমনই পড়াশোনার ক্ষেত্রেও নিজের পদ্ধতি অনুসরণ করাই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, পরামর্শ শুনতে হবে। কিন্তু তা নিজের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা প্রয়োজন।


পড়াশোনার গতি বজায় রাখা নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শিক্ষকদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, ‘শিক্ষকদের উচিত পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ না দেওয়া। যেমন কৃষক জমির যত্ন নেন, তেমনভাবেই শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে হবে।’

অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তও দেখা যায়, যখন প্রধানমন্ত্রী পড়ুয়াদের অসমের ঐতিহ্যবাহী গামছা উপহার দেন। তিনি বলেন, ‘এই গামছা মহিলাদের ক্ষমতায়নের প্রতীক। কারণ তাঁরা নিজেদের হাতে এটি তৈরি করেন।’ দূরবর্তী সীমান্ত এলাকার পড়ুয়ারা এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। অরুণাচল প্রদেশের এক পড়ুয়া জানান, ‘এই অভিজ্ঞতা আমাদের কাছে অত্যন্ত বিশেষ এবং অনুপ্রেরণাদায়ক।’

প্রসঙ্গত, বোর্ড পরীক্ষার আগে প্রতি বছর এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী পড়ুয়াদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং পরীক্ষার চাপ কমানোর বার্তা দেন।