অনলাইন ‘বুটস্ট্র্যাপ’ কর্মসূচি চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

প্রতীকী চিত্র

মাধ্যমিকের পর পড়ুয়ারা যাতে বিজ্ঞান থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেই লক্ষ্যেই বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে চালু হল অনলাইন ‘বুটস্ট্র্যাপ’ কর্মসূচি। ইতিমধ্যেই এই উদ্যোগ ঘিরে ছাত্রছাত্রী ও শিক্ষকমহলে ইতিবাচক সাড়া মিলতে শুরু করেছে।

সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, ৪ এপ্রিল থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে। প্রথম দিনেই পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে অভিজ্ঞ শিক্ষকরা এমন মজাদার আলোচনা করেছেন, যাতে কঠিন বিষয়ও সহজ ও আকর্ষণীয় হয়ে ওঠে। গল্পের ছলে বিষয় বোঝানোর ফলে পড়ুয়ারা সহজেই পাঠের সঙ্গে যুক্ত হতে পারছে। সংসদের নিজস্ব ইউটিউবের মাধ্যমে এই ক্লাস সম্প্রচার করা হচ্ছে।

সংসদ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে পর্যন্ত বিজ্ঞান বিভাগে ভর্তির হার ছিল উদ্বেগজনকভাবে কম। ২০২১ সালে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে মাত্র ৯ শতাংশ বিজ্ঞান শাখা বেছে নিয়েছিল। ফলে বহু স্কুলে বিজ্ঞান বিভাগের প্রচুর আসন ফাঁকা পড়ে ছিল।বিশেষজ্ঞদের মতে, শিক্ষার মানের ওঠানামা, চাকরির বাজারে অন্যান্য বিষয়ের চাহিদা এবং উচ্চশিক্ষার পরিকাঠামোর ঘাটতি এই পরিস্থিতির পিছনে বড় কারণ ছিল।


তবে সাম্প্রতিক সময়ে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে। ২০২৫ সালে বিজ্ঞান বিভাগে ভর্তির হার বেড়ে হয়েছে ১৪ শতাংশ। এই প্রবণতাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে সংসদ। পার্থ কর্মকার বলেন, ‘পড়ুয়ারা যাতে শুরু থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী থাকে, সেই লক্ষ্যেই গোটা মাস জুড়ে এই উদ্যোগ চলবে।’

এই কর্মসূচির একটি বড় দিক হল, শুধু সরাসরি ক্লাস নয়, পরবর্তীতেও যাতে পড়ুয়ারা সেই পাঠ দেখতে পারে, তার জন্য সমস্ত সেশন সংরক্ষণ করে রাখা হচ্ছে। ফলে যেকোনও সময় পড়ুয়ারা নিজেদের সুবিধামতো বিষয়গুলি পুনরায় বুঝে নিতে পারবে। প্রথম দিনের অনুষ্ঠানেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু পড়ুয়াদের অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে। আগামী দিনে ১১ এপ্রিল গণিত ও রাশিবিজ্ঞান এবং ১৮ এপ্রিল জীববিদ্যা ও কম্পিউটার বিষয়ক বিশেষ ক্লাসের আয়োজন করা হবে।

শিক্ষকমহলের মতে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে বড় ভূমিকা নেবে। নিয়মিত ও সহজবোধ্য শিক্ষার মাধ্যমে বিজ্ঞানের সঙ্গে একটি প্রাণবন্ত সম্পর্ক গড়ে উঠলে তা ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।