নয়ডার শ্রমিক বিক্ষোভ

নয়ডার শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ কেবল একটি বিচ্ছিন্ন আইন-শৃঙ্খলার সমস্যা নয়, এটি ভারতের অর্থনীতি ও শ্রমনীতির গভীরতর সংকটের বহিঃপ্রকাশ। মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত হিংসাত্মক রূপ নেয়, আর তার সঙ্গে সঙ্গেই শুরু হয় রাজনৈতিক তরজা। কিন্তু রাজনৈতিক দোষারোপের বাইরে গিয়ে এই ঘটনাকে যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখা যায়, তবে স্পষ্ট হয়— দেশের শ্রমজীবী মানুষের মধ্যে জমে ওঠা অসন্তোষ এখন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছে।

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এই আন্দোলনকে শ্রমিকদের ‘শেষ আর্তনাদ’ বলে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্যে রাজনৈতিক রং থাকতেই পারে, কিন্তু যে বাস্তবতার দিকে তিনি ইঙ্গিত করেছেন, তা অস্বীকার করা কঠিন। মাসে প্রায় ১২ হাজার টাকা আয়, তার মধ্যে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা ঘরভাড়া— এই অঙ্কই বলে দেয় শহুরে শ্রমিকজীবনের অসহনীয় চাপ। এর সঙ্গে যদি যুক্ত হয় খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্য, তাহলে বোঝা যায় কেন এই ক্ষোভ জমতে জমতে বিস্ফোরিত হচ্ছে।

এই সঙ্কটের পেছনে একাধিক কারণ কাজ করছে। আন্তর্জাতিক স্তরে পশ্চিম এশিয়ার সংঘাত, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং মার্কিন শুল্কনীতির প্রভাব ভারতীয় অর্থনীতিকেও নাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই চাপের ভার কে বহন করছে? বড় শিল্পগোষ্ঠী না কি প্রান্তিক শ্রমিক? বাস্তব বলছে, এই ভার সবচেয়ে বেশি পড়ছে দৈনিক মজুরিভিত্তিক ও নিম্নআয়ের শ্রমিকদের ওপর।


আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, আয়ের তুলনায় ব্যয়ের দ্রুত বৃদ্ধি। বার্ষিক মজুরি বৃদ্ধির হার যে হারে বাড়ছে, তার চেয়ে অনেক দ্রুত বাড়ছে জীবনযাত্রার খরচ। ফলে শ্রমিকদের একটি বড় অংশ ক্রমশ ঋণের জালে জড়িয়ে পড়ছে। রান্নার গ্যাস থেকে শুরু করে খাদ্যদ্রব্য— সবকিছুর দাম বাড়লেও আয় প্রায় স্থির। এই বৈষম্য দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতার জন্ম দেয়। নয়ডার ঘটনা তারই একটি ইঙ্গিত।

২০২৫ সালের শেষদিকে চালু হওয়া নতুন শ্রম কোড নিয়েও বিতর্ক বাড়ছে। অভিযোগ উঠেছে, কাজের সময়সীমা বাড়িয়ে দিনে ১২ ঘণ্টা পর্যন্ত করা হলেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি বৃদ্ধি হয়নি। অর্থাৎ উৎপাদনশীলতা বাড়ানোর চাপ শ্রমিকদের ওপর চাপানো হচ্ছে, কিন্তু তার আর্থিক সুফল তারা পাচ্ছে না। এই অবস্থায় ২০ হাজার টাকার মাসিক মজুরির দাবি কি অযৌক্তিক? বরং অনেকের মতে, বর্তমান নগর অর্থনীতিতে এটি ন্যূনতম জীবনধারণের শর্ত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের মতো নিরাপত্তা বলয় যদি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়, তবে শহরে কাজ হারানো বা কম আয়ের শ্রমিকদের সামনে বিকল্প পথ থাকে না। এর ফলে একদিকে যেমন শহুরে দারিদ্র্য বাড়ে, অন্যদিকে সামাজিক অস্থিরতাও তীব্র হয়।

এই প্রেক্ষাপটে নয়ডার ঘটনা একটি সতর্কবার্তা। এটি কেবল মজুরি বৃদ্ধির দাবি নয়, এটি অর্থনৈতিক ন্যায়বিচারের দাবি। প্রশ্ন উঠছে, উন্নয়নের যে মডেল অনুসরণ করা হচ্ছে, তা কি অন্তর্ভুক্তিমূলক? নাকি তা কেবলমাত্র একটি সীমিত অংশের জন্য সুফল বয়ে আনছে?

সরকারের দায়িত্ব এই সংকেতকে গুরুত্ব সহকারে নেওয়া। কেবল আইন-শৃঙ্খলা রক্ষার দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখলে চলবে না। প্রয়োজন একটি সমন্বিত নীতি— যেখানে মজুরি কাঠামো, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমিক অধিকার এবং সামাজিক সুরক্ষা— সবকিছুকে একসঙ্গে বিবেচনা করা হবে। শ্রমিকদের সঙ্গে সংলাপ, ন্যায্য মজুরি নির্ধারণ এবং শ্রম আইনের বাস্তবসম্মত প্রয়োগ— এই তিনটি ক্ষেত্রেই দ্রুত পদক্ষেপ জরুরি।

ভারতের অর্থনীতির ভিত দাঁড়িয়ে আছে এই শ্রমজীবী মানুষের উপর। তাদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে উন্নয়নের যে চিত্র আমরা দেখি, তা আসলে ভঙ্গুর। নয়ডার রাস্তায় যে ক্ষোভ প্রকাশ পেয়েছে, তা যদি সময়মতো সমাধান না করা যায়, তবে তা হয়ত আরও বৃহত্তর অস্থিরতার রূপ নিতে পারে। তা এখনই সময় এই সংকেত বোঝার এবং প্রয়োজনীয় নীতির দিক পরিবর্তনের।