বাংলাদেশের খুলনা রেলস্টেশনের সীমানাপ্রাচীরে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনা নিছক কোনও দেওয়ালচিত্র নষ্ট করার ঘটনা নয়। এটি একটি গভীর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংকটের ইঙ্গিত বহন করছে। যে কবির গান বাংলাদেশের জাতীয় সংগীত, যে কবির সাহিত্য, দর্শন ও মানবতাবাদ দুই বাংলার মানুষের মননকে সমৃদ্ধ করেছে, তাঁরই প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে তাঁকে আক্রমণ করে পোস্টার লাগানো হচ্ছে! একটি পোস্টারে রবীন্দ্রনাথের বাঙালি পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অন্যটিতে তাঁর বিরুদ্ধে মুসলমান ও পূর্ববঙ্গের প্রতি বিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ভারতীয় সংস্কৃতির গৌরবগাথার বিরুদ্ধেও বিষোদ্গার করা হয়েছে। এই ঘটনা তাই শুধু একজন কবির অবমাননা নয়, বাংলাদেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের ওপরও সরাসরি আঘাত।
খুলনা রেলস্টেশনের সীমানাপ্রাচীরে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা ছিল। সেখানে ছিলেন ফকির লালন শাহ, কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী এস এম সুলতান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুর। দেওয়ালজুড়ে ফুটিয়ে তোলা হয়েছিল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এবং পাটশিল্পের ছবিও। কিন্তু আশ্চর্যের বিষয়, অন্য কোনও প্রতিকৃতিতে হাত দেওয়া হয়নি। শুধু রবীন্দ্রনাথের মুখেই কালির প্রলেপ। এই বেছে বেছে আক্রমণের মধ্যে যে একটি বিশেষ মতাদর্শগত উদ্দেশ্য কাজ করছে, তা সহজেই অনুমান করা যায়।
প্রশ্ন হল, রবীন্দ্রনাথের প্রতি এত বিদ্বেষ কেন? তাঁর অপরাধ কী? তিনি কি কোনও বিশেষ ধর্মের বিরুদ্ধে কলম ধরেছিলেন? নাকি তাঁর সাহিত্য ও দর্শনের মূল কথাই ছিল মানুষের মধ্যে বিভেদ তৈরি করা? বাস্তব কিন্তু সম্পূর্ণ বিপরীত। রবীন্দ্রনাথের সাহিত্য মানুষের মুক্তির কথা বলে, সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাঁর কাছে মানুষের পরিচয় কোনও ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ ছিল না। মানুষই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় সত্য। তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধে বারবার উঠে এসেছে স্বাধীন চিন্তা, মানবিক মর্যাদা, সাম্য এবং অসাম্প্রদায়িকতার কথা।
রবীন্দ্রনাথকে ভারতীয় বলে বাংলাদেশের সাংস্কৃতিক পরিসর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা আরও বিস্ময়কর। রবীন্দ্রনাথ কোনও এক দেশের সম্পত্তি নন। তাঁর জন্ম অবিভক্ত বাংলায়। তাঁর সাহিত্যচর্চা, জমিদারি পরিচালনা, গ্রামোন্নয়নের কাজ এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের বড় অংশ জুড়ে রয়েছে পূর্ববঙ্গ। শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরের সঙ্গে তাঁর জীবন ও সৃষ্টির গভীর যোগ রয়েছে। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ তাঁরই রচনা। যে দেশ নিজের জাতীয় সংগীতে রবীন্দ্রনাথকে ধারণ করে, সেই দেশেরই একটি অংশের মানুষ যদি তাঁকে বহিরাগত বা সংস্কৃতির শত্রু হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে তা আত্মপরিচয়ের সংকট ছাড়া আর কী?
রবীন্দ্রনাথের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল সাহিত্যিক বা ঐতিহাসিক নয়, আত্মিকও বটে। একইভাবে কাজী নজরুল ইসলাম, লালন ফকির কিংবা মাইকেল মধুসূদন দত্তের মতো ব্যক্তিত্বও কোনও সংকীর্ণ ধর্মীয় বা ভৌগোলিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস তৈরি হয়েছে বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও মতের মানুষের সম্মিলিত অবদানে। সেই ইতিহাসকে খণ্ডিত করার চেষ্টা আসলে বাঙালির সামগ্রিক পরিচয়কেই দুর্বল করে।
খুলনার এই ঘটনার পর সাংস্কৃতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাটিকে সংকীর্ণ মানসিকতার পরিচয় বলে সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিকৃতি নতুন প্রজন্মের মধ্যে স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করে। সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিমের আশঙ্কা, এর পিছনে কোনও সংগঠিত গোষ্ঠী কাজ করতে পারে। তাঁর মতে, ঢাকাতেও একই
ধরনের ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে অন্য
বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিকৃতিও আক্রমণের লক্ষ্য হতে পারে।
এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, গত অক্টোবর মাসেও ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাইরে রবীন্দ্রনাথের একটি গ্রাফিতি-চিত্রে কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনকি বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের একাংশও এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। অন্তত ৩৭ জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষরিত বিবৃতিতে সতর্ক করা হয়েছিল, এই প্রবণতা ধর্মীয় উগ্রতাকে উৎসাহিত করতে
পারে এবং সাম্প্রদায়িক বিভাজন আরও বাড়িয়ে তুলতে পারে।
ইতিহাসের দিকে তাকালেও এই ধরনের প্রবণতার বিপদ স্পষ্ট হয়। ষাটের দশকে পাকিস্তানি শাসকগোষ্ঠী রবীন্দ্রনাথকে মুসলমানদের বিরোধী হিসেবে তুলে ধরার রাজনৈতিক চেষ্টা করেছিল। বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর আধিপত্য প্রতিষ্ঠার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথের গান ও সাহিত্যকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা ছিল বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে দুর্বল করারই একটি কৌশল। আজ
স্বাধীন বাংলাদেশে যদি নতুন করে সেই
একই মানসিকতার পুনরাবৃত্তি ঘটে, তবে তা অত্যন্ত দুঃখজনক।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবং ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তৈরি হওয়া মেরুকরণের প্রভাব যে সমাজ ও সংস্কৃতির ওপর পড়ছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওঠানামার দায় কোনও কবি, সাহিত্যিক বা শিল্পীর ওপর চাপানো যায় না। কোনও দেশের সরকারের নীতি বা কূটনৈতিক অবস্থানের বিরোধিতা করার অধিকার নাগরিকদের রয়েছে। কিন্তু সেই বিরোধিতার নামে সাহিত্য, শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আক্রমণ কখনও গ্রহণযোগ্য হতে পারে না। ভারতবিরোধিতা আর রবীন্দ্রবিরোধিতাকে
এক করে দেখার মধ্যেই রয়েছে বিপজ্জনক
চিন্তার প্রকাশ।
সবচেয়ে বড় কথা, একটি দেশের সাংস্কৃতিক পরিচয় কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা ধর্মীয় গোষ্ঠীর ইচ্ছানুযায়ী তৈরি হয় না। তা গড়ে ওঠে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনযাপন, সাহিত্য, সংগীত, শিল্প, ভাষা ও ইতিহাসের সম্মিলিত অভিজ্ঞতার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ সেই ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাঁকে মুছে ফেলার চেষ্টা করে বাংলার ইতিহাস থেকে তাঁর অবদান মুছে ফেলা সম্ভব নয়। বরং এই ধরনের আক্রমণ সমাজের ভিতরে অসহিষ্ণুতা ও অজ্ঞতার গভীরতাকেই প্রকাশ করে।
এখন বাংলাদেশের প্রশাসনের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, খুলনার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজকে সম্মিলিতভাবে এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মকে বোঝাতে হবে, সংস্কৃতি কোনও বিভেদের অস্ত্র নয়, সংস্কৃতি মানুষকে কাছাকাছি নিয়ে আসার সেতু।
রবীন্দ্রনাথের স্বপ্নের সমাজে ধর্মীয় বিদ্বেষ, সংকীর্ণ জাতীয়তাবাদ কিংবা অন্ধ আনুগত্যের কোনও স্থান নেই। খুলনার দেওয়ালে কালির দাগ হয়তো কিছুদিন পরে মুছে ফেলা যাবে। নতুন করে রং করে আঁকা যাবে কবির মুখ। কিন্তু মানুষের মনে যদি বিদ্বেষের কালো দাগ থেকে যায়, তবে সেই দাগ মুছবে কীভাবে? তাই আজ প্রশ্ন শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতি রক্ষার নয়, প্রশ্ন বাংলাদেশের বহুত্ববাদী সমাজ, অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালির দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার। রবীন্দ্রনাথকে আড়াল করে আসলে যে অন্ধকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে সমস্ত শুভবোধসম্পন্ন মানুষকেই
দাঁড়াতে হবে।
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, কোন মুখোশের আড়ালে এত অন্ধকার?
ফাইল চিত্র