পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। ক্ষমতার হাতবদল হয়েছে। বদলেছে শাসক দলের নাম, বদলেছে রাজনৈতিক স্লোগানও। কিন্তু একটি বদল যেন কিছুতেই হচ্ছে না। তা হল তোলাবাজির সংস্কৃতি। এক দলের শাসনকালে যে অভিযোগ উঠত, অন্য দলের আমলেও সেই একই অভিযোগ সামনে আসছে। ফলে প্রশ্ন উঠছে, বাংলার রাজনীতিতে তোলাবাজি কি একটি স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়েছে?
বিরোধী দলে থাকার সময় বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে সরব ছিল। তাদের প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে এই সংস্কৃতির অবসান ঘটানো হবে। কিন্তু ক্ষমতায় আসার পর বিজেপির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে। দলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে। দলের কয়েকজন শীর্ষ নেতা, রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও প্রকাশ্যে এই প্রবণতার বিরোধিতা করেছেন। মুর্শিদাবাদে এক বিজেপি বিধায়ককে মাইক হাতে রাস্তায় নেমে মানুষকে তোলাবাজদের টাকা না দেওয়ার আবেদন জানাতেও দেখা গিয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু কয়েকজন নেতার প্রতিবাদে কি গোটা ব্যবস্থার পরিবর্তন সম্ভব?
আসলে তোলাবাজি এখন শুধু কিছু অসাধু কর্মীর ব্যক্তিগত অপরাধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতির ক্ষমতা, স্থানীয় প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থের একটি জটিল সম্পর্ক। রাজনৈতিক দলের নিচুতলার কিছু কর্মী মনে করেন, দলের পরিচয় ও ক্ষমতার জোরে এলাকার ব্যবসায়ী, ঠিকাদার কিংবা সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা তাঁদের অধিকার। এই ধারণা ভাঙতে না পারলে উপরতলার নেতাদের সতর্কবার্তা কিংবা বহিষ্কারের হুমকি বিশেষ কাজে আসবে না।
এখানে বিজেপির সাংগঠনিক দুর্বলতার প্রশ্নও গুরুত্বপূর্ণ। বিরোধী দল থেকে ক্ষমতায় আসার সময় অন্য দলের অনেক কর্মী ও নেতাকে নিজেদের দলে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের রাজনৈতিক চরিত্র, কাজের ধরন এবং অতীত ভূমিকা কতটা যাচাই করা হয়েছিল? শুধু নির্বাচনী শক্তি বাড়ানোর জন্য অন্য দলের কর্মীদের দলে টেনে নিলে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ক্ষমতার স্বাদ পেয়ে পুরনো অভ্যাস বজায় রাখলে নতুন দলের সঙ্গে পুরনো দলের পার্থক্য কোথায়?
তবে সমস্যার শিকড় শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়। বাংলার অর্থনৈতিক পরিস্থিতিও এই সমস্যাকে জটিল করেছে। দীর্ঘদিন ধরে শিল্পের প্রসার এবং নতুন কর্মসংস্থানের অভাব রাজ্যের অর্থনীতিকে দুর্বল করেছে। পর্যাপ্ত চাকরি ও ব্যবসার সুযোগ না থাকলে একাংশের মানুষ সহজে টাকা রোজগারের অবৈধ পথ বেছে নেয়। স্থানীয় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে চাঁদা আদায়, ব্যবসায় বাধা সৃষ্টি কিংবা সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া সেই প্রবণতারই প্রকাশ। অবশ্য বেকারত্ব কখনও অপরাধের অজুহাত হতে পারে না। বরং এই বাস্তবতা মোকাবিলায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।
তোলাবাজির সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। ছোট ব্যবসায়ী থেকে বড় শিল্পোদ্যোগী— কেউই যদি নিশ্চিন্তে ব্যবসা করতে না পারেন, তবে রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে কীভাবে? শিল্পপতিরা শুধু জমি, বিদ্যুৎ বা করের সুবিধা দেখেন না; তাঁরা দেখেন আইনশৃঙ্খলা, প্রশাসনের নিরপেক্ষতা এবং ব্যবসার নিরাপত্তা। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় তোলাবাজি চলতে থাকলে নতুন বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবেন। কর্মসংস্থানের সুযোগ আরও কমবে, অর্থনীতি আরও দুর্বল হবে।
তাই বিজেপি সরকারের সামনে চ্যালেঞ্জ শুধু বিরোধীদের অভিযোগের জবাব দেওয়া নয়, নিজেদের দলের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো। অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা জরুরি। একই সঙ্গে শিল্পায়ন, ক্ষুদ্র ব্যবসার প্রসার এবং কর্মসংস্থান বাড়াতে হবে।
মানুষ ক্ষমতার পরিবর্তন চায় শুধু মুখ বদলানোর জন্য নয়, শাসনের চরিত্র বদলানোর আশায়। বিজেপি যদি সেই প্রত্যাশা পূরণ করতে না পারে, তবে পরিবর্তনের প্রতিশ্রুতিও একদিন মানুষের কাছে অর্থহীন হয়ে যাবে। বাংলাকে তোলাবাজির সংস্কৃতি থেকে মুক্ত করতে হলে কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে হবে।