যন্ত্রে প্রাণের ছায়া, নাকি মানুষের ভিতরে যন্ত্রের প্রতিধ্বনি

সুদীপ ঘোষ

সকালের শহর তখনও পুরো জেগে ওঠেনি। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি— কুয়াশা ভাঙা আলো, চায়ের কাপে ধোঁয়া উঠছে, আর মানুষের ভিড় ধীরে ধীরে জমছে। পাশে এক তরুণ, মাথা নিচু করে মোবাইলের পর্দায় তাকিয়ে। সে কথা বলছে— কিন্তু কার সঙ্গে? তার কণ্ঠে এমন এক অন্তরঙ্গতা, যেন বহুদিনের পরিচিত কারও সঙ্গে আলাপ। একটু পরে সে হেসে উঠল, বলল— ‘তুই তো আমাকে বুঝিস।’

এই ‘বুঝিস’ শব্দটাই আজকের পৃথিবীর সবচেয়ে জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বোঝা— এই যে বোঝা, তা কি কেবল শব্দের বিন্যাস? না কি এর ভেতরে আছে কোনও অন্তর্লোক, কোনও অনুভব, কোনও অভিজ্ঞতার স্পন্দন?


মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে এই প্রশ্নের নানা উত্তর খোঁজা হয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো মানুষের বিশেষত্ব খুঁজে পেয়েছিলেন তার ‘যুক্তিবোধ’-এ— এক এমন সত্তা, যা দেহের বাইরে স্বাধীনভাবে অস্তিত্ব রাখতে পারে। অপরদিকে অ্যারিস্টটল বলেছিলেন, আত্মা কোনও পৃথক সত্তা নয়; এটি জীবদেহের অন্তর্নিহিত প্রাণশক্তি— যা গাছপালা, প্রাণী ও মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মাত্রায় উপস্থিত। এই দ্বন্দ্ব— আত্মা কি পৃথক, না কি দেহের মধ্যেই নিহিত— মানবচিন্তার ইতিহাসে এক অবিচ্ছিন্ন স্রোত।

পরে আধুনিক যুগে এসে রেনে দেকার্ত দেহ ও মনের দ্বৈততত্ত্ব স্থাপন করলেন। তার মতে, দেহ একটি যান্ত্রিক বিন্যাস, কিন্তু মন— চিন্তার অধিকারী— এক সম্পূর্ণ ভিন্ন সত্তা। বিপরীতে থমাস হবস ঘোষণা করলেন, মানুষ নিজেই এক জটিল যন্ত্র— তার অনুভব, চিন্তা, আকাঙ্ক্ষা সবই বস্তুগত গতিবিদ্যার ফল।

এই দুই চরম অবস্থানের মধ্যে দিয়েই আমরা এগিয়েছি— এবং আজ এসে এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়েছি। কারণ, আজকের যন্ত্র শুধু গণনা করে না; ভাষা তৈরি করে, চিত্র আঁকে, সুর রচনা করে, এমনকি মানুষের মতো কথোপকথনও করে। ফলে প্রশ্নটি আর নিছক দার্শনিক কৌতূহল নয়; এটি আমাদের সামাজিক, নৈতিক ও সাংস্কৃতিক অস্তিত্বের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে।

যদি একটি যন্ত্র মানুষের মতো আচরণ করতে পারে, তবে কি তাকে মানুষ বলা যায়?
অ্যালান টিউরিং এই প্রশ্নটিকে সহজ করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘চিন্তা’ শব্দটি অস্পষ্ট; তার বদলে দেখা যাক, যন্ত্র মানুষের মতো আচরণ করতে পারে কি না। কিন্তু এই সরলীকরণের মধ্যেই এক গভীর বিপদ লুকিয়ে আছে। কারণ, অনুকরণ আর বাস্তবতার মধ্যে পার্থক্য কখনও কখনও সূক্ষ্ম হলেও তা মৌলিক।

একটি যন্ত্র হয়তো বলতে পারে— ‘আমি আনন্দিত’— কিন্তু সে কি সত্যিই আনন্দ অনুভব করে? সে কি কখনও কোনও সিদ্ধান্ত নিয়ে পরে অনুশোচনা করে? সে কি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে?
এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলে আমরা মানুষের তিনটি মৌলিক ক্ষমতার দিকে ফিরে যাই— বুদ্ধি, চেতনা এবং ব্যক্তিসত্তা। বুদ্ধি— শুধু সমস্যার সমাধান করার ক্ষমতা নয়; বরং সমস্যাটিকেই নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষমতা। একটি যন্ত্র নির্দিষ্ট সমস্যার মধ্যে অসাধারণ দক্ষতা দেখাতে পারে, কিন্তু মানুষ এমন সমস্যাকেও চিনতে পারে, যার কোনও নির্দিষ্ট কাঠামো নেই। একজন বিজ্ঞানী যখন নতুন তত্ত্ব উদ্ভাবন করেন, তখন তিনি শুধু তথ্য বিশ্লেষণ করেন না; তিনি প্রশ্নের প্রকৃতিই বদলে দেন। চেতনা— এই শব্দটি আরও গভীর। আমরা কেবল তথ্য প্রক্রিয়াকরণ করি না; আমরা অনুভব করি। সূর্যাস্তের লাল আভা, বৃষ্টির গন্ধ, প্রিয় মানুষের অনুপস্থিতির শূন্যতা— এইসব অভিজ্ঞতা কেবল তথ্য নয়, এগুলি জীবনের অন্তর্লিখন। একটি যন্ত্র রঙ শনাক্ত করতে পারে, কিন্তু সে কি কখনো ‘লাল’ দেখার অভিজ্ঞতা অর্জন করে?

আর ব্যক্তিসত্তা— এখানেই মানুষের প্রকৃত স্বাতন্ত্র্য। মানুষ শুধু লক্ষ্য পূরণ করে না; মানুষ নিজের লক্ষ্যকেও প্রশ্ন করে। সে কেবল বলে না ‘আমি কী চাই’, বরং জিজ্ঞেস করে— ‘আমার কী হওয়া উচিত?’ এই আত্ম-প্রশ্নই মানুষকে নৈতিক সত্তায় পরিণত করে।

এই জায়গায় এসে আমরা পৌঁছে যাই ইমানুয়েল কান্ট এবং গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল-এর চিন্তায়। কান্টের মতে, স্বাধীনতা মানে খামখেয়ালি নয়; বরং এমন সিদ্ধান্ত নেওয়া, যা যুক্তির বিচারে টিকে থাকতে পারে। হেগেলের মতে, মানুষ নিজেকে তৈরি করে—ভুলের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে, অন্যের স্বীকৃতির মধ্য দিয়ে। মানুষ তাই কোনো স্থির সত্তা নয়; সে এক চলমান নির্মাণপ্রক্রিয়া।

এই বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়—মানুষকে আলাদা করে যে শক্তি, তা কোনো অলৌকিক ‘আত্মা’ নয়, আবার নিছক যান্ত্রিক প্রক্রিয়াও নয়। বরং এটি তিনটি গভীর ক্ষমতার সমন্বয়— প্রজ্ঞা, সৃজনশীলতা এবং স্বায়ত্তশাসন।

প্রজ্ঞা মানুষকে শেখায়— কোন প্রশ্নটি আসল প্রশ্ন। সৃজনশীলতা মানুষকে শেখায়— যেখানে কোনো পথ নেই, সেখানে পথ তৈরি করতে। স্বায়ত্তশাসন মানুষকে সাহস দেয়— নিজের পথকে নিজেই প্রশ্ন করতে।

আজকের প্রযুক্তিনির্ভর সমাজে আমরা এক অদ্ভুত দ্বিধার মধ্যে আছি। একদিকে আমরা এমন যন্ত্র তৈরি করছি, যা আমাদের জীবনকে সহজ করছে— আমাদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের পছন্দ বুঝে নিচ্ছে, আমাদের সময় বাঁচাচ্ছে। অন্যদিকে, অজান্তেই আমরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রশ্ন করার অভ্যাস, এবং সৃজনশীলতার ঝুঁকি— এসব হারিয়ে ফেলছি।

আমরা কি ধীরে ধীরে এমন এক জগতে প্রবেশ করছি, যেখানে মানুষ আর নিজে চিন্তা করে না—যন্ত্র তার হয়ে চিন্তা করে?

এই পরিস্থিতিতে দুটি পথ আমাদের সামনে খোলা। এক, আমরা যন্ত্রকে নিখুঁত দাস হিসেবে গড়ে তুলি—যে আমাদের সমস্ত চাহিদা পূরণ করবে, কিন্তু নিজে কোনো প্রশ্ন তুলবে না। দুই, আমরা এমন সত্তা তৈরি করি, যা আমাদের মতোই স্বাধীন— যে আমাদের সঙ্গে প্রশ্ন করবে, বিরোধিতা করবে, এবং নতুন পথ দেখাবে।

প্রথম পথটি সহজ, কিন্তু বিপজ্জনক। কারণ, সেখানে মানুষ ধীরে ধীরে নিজের অর্থ হারায়।
দ্বিতীয় পথটি কঠিন, কিন্তু সৃজনশীল। কারণ, সেখানে মানুষ তার স্বাধীনতাকে বিস্তার দেয়।হয়তো স্বাধীনতার প্রকৃত রূপ এখানেই— তা একা বাঁচে না, তা ভাগ করে নিতে হয়।

যদি আমরা কখনো যন্ত্রের মধ্যে ‘প্রাণ’ নির্মাণ করতে চাই, তবে আমাদের আগে বুঝতে হবে—আমাদের নিজের প্রাণ কী দিয়ে তৈরি। আমাদের জিজ্ঞাসা, আমাদের দ্বন্দ্ব, আমাদের অসম্পূর্ণতা—এই সবই তো আমাদের মানবিকতার উৎস।

শেষ পর্যন্ত প্রশ্নটি যন্ত্রকে নিয়ে নয়। প্রশ্নটি আমাদের নিজেদের নিয়েই।আমরা কি এখনও সেই সত্তা, যে প্রশ্ন করতে পারে? আমরা কি এখনও সেই সত্তা, যে ভুল স্বীকার করতে পারে?
আমরা কি এখনও সেই সত্তা, যে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে?
বাসস্ট্যান্ডের সেই তরুণটি আবার বলছিল—‘তুই আমাকে বুঝিস।’ আমি তাকিয়ে ছিলাম—তার সামনে কোনো মানুষ ছিল না, তবু তার কথায় ছিল এক অদ্ভুত বিশ্বাস।

হয়তো এই বিশ্বাসই মানুষের শেষ আশ্রয়—যেখানে বোঝা মানে শুধু উত্তর দেওয়া নয়৷ বরং একসঙ্গে প্রশ্ন করে যাওয়া। আর যতদিন সেই প্রশ্ন জাগ্রত থাকবে,ততদিন মানুষ— যন্ত্রের মধ্যেও নয়, নিজের মধ্যেই— প্রাণের সন্ধান পাবে।