নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা নির্ধারিত হওয়া দরকার

সৈয়দ হাসমত জালাল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে যে ব্যাপক রদবদল ঘটেছে, তা নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্তের সীমা অতিক্রম করে এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিক্রিয়া, নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন এবং বিষয়টি আদালতের দোরগোড়ায় পৌঁছনো— সব মিলিয়ে পরিস্থিতি আজ এক জটিল রাজনৈতিক-প্রশাসনিক টানাপোড়েন ও বিতর্কের জন্ম দিয়েছে।

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং ক্ষমতার সীমা। ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার ব্যাপক ক্ষমতা প্রদান করেছে। এই ক্ষমতার লক্ষ্য একটাই— সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন উঠছে, এই ব্যাপক ক্ষমতা কতদূর পর্যন্ত প্রসারিত? বিশেষত, যখন তা একটি রাজ্যের সম্পূর্ণ শীর্ষ প্রশাসনিক কাঠামোকে একযোগে বদলে দেওয়ার মতো সিদ্ধান্তে প্রতিফলিত হয়।


নির্বাচন কমিশনের যুক্তি সাধারণত এই যে, নির্বাচনের সময় প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। কোনও আধিকারিক যদি পক্ষপাতদুষ্ট হন বা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা থাকে, তাহলে তাঁকে সরিয়ে দেওয়া কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে। অতীতে এমন বহু নজির রয়েছে, যেখানে জেলা প্রশাসক বা পুলিশ সুপার স্তরের আধিকারিকদের বদলি করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি নজর কেড়েছে, তা হলো এই রদবদলের পরিসর ও সময়কাল। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি— অর্থাৎ প্রশাসনের শীর্ষ স্তম্ভগুলিকেই একযোগে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসনের সর্বস্তরে ব্যাপক রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— এটি কি যুক্তিসঙ্গত পদক্ষেপ, নাকি ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ?

মনে রাখা দরকার, রাজ্য সরকার সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বশাসিত একক। সপ্তম তফসিলের রাজ্য তালিকা ও সমবায় তালিকার বিষয়গুলিতে তার নিজস্ব ক্ষমতা ও দায়িত্ব রয়েছে। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে এই সাংবিধানিক কাঠামো স্থগিত হয়ে যায় না। রাজ্য সরকারের প্রশাসনিক দায়িত্বও তখন শেষ হয়ে যায় না। ফলে এমন কোনও পদক্ষেপ, যা রাজ্যের প্রশাসনিক কার্যক্ষমতাকে হঠাৎ দুর্বল করে দেয়, তা গণতান্ত্রিক ভারসাম্যের ক্ষেত্রে প্রশ্ন তুলবেই।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারী’ ও ‘একপেশে’ বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, কোনও নির্দিষ্ট অভিযোগ বা আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ ছাড়াই এই বদলি করা হয়েছে। আরও গুরুতর অভিযোগ, এই সিদ্ধান্ত রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে এবং এর ফলে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে মার্চ-এপ্রিল মাসে, যখন ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে, তখন অভিজ্ঞ আধিকারিকদের হঠাৎ অপসারণ প্রশাসনিক ঝুঁকি বাড়াতে পারে।

এই প্রসঙ্গে সংবিধানের ফেডারেল কাঠামোর কথাও সামনে আসে। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার একটি সুস্পষ্ট বিভাজন রয়েছে। রাজ্য সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সংস্থা, যার নিজস্ব প্রশাসনিক অধিকার ও দায়িত্ব রয়েছে। নির্বাচন ঘোষণা হলেই এই অধিকার সম্পূর্ণভাবে খর্ব হয়ে যায় না। বরং, নির্বাচনকালেও রাজ্য সরকারকে আইনশৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনিক কাজ চালানো এবং জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে হয়।

এখানেই মূল দ্বন্দ্বটি স্পষ্ট হয়। একদিকে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব— সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, অন্যদিকে রাজ্য সরকারের প্রশাসনিক স্বায়ত্তশাসন। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই একটি পরিণত গণতন্ত্রের লক্ষণ। কিন্তু যখন কোনও এক পক্ষের পদক্ষেপ অন্য পক্ষের ক্ষমতার উপর প্রভাব ফেলতে শুরু করে, তখনই সংঘাতের সৃষ্টি হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কি আইনি ও সাংবিধানিকভাবে বৈধ? আইনজীবীদের যুক্তি, রাজ্যের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই আইএএস ও আইপিএস আধিকারিকদের অন্য রাজ্যে পাঠানো প্রশাসনিকভাবে অযৌক্তিক এবং আইনি সীমার বাইরে। এখন আদালতের ব্যাখ্যাই এই বিতর্কে একটি গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ বা আচরণবিধি। এটি নির্বাচনকালীন একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হলেও, এটি কোনও আইন নয়। এর নৈতিক গুরুত্ব রয়েছে, কিন্তু আইনি ক্ষমতা সীমিত। ফলে, এই আচরণবিধির ভিত্তিতে যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা একটি রাজ্যের প্রশাসনিক কাঠামোকে ব্যাপকভাবে প্রভাবিত করে, তাহলে তার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এখানে একটি বৃহত্তর প্রশ্নও উঠে আসে— নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা কি আরও স্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন? বর্তমানে অনেক ক্ষেত্রেই এই ক্ষমতা ব্যাখ্যার ওপর নির্ভরশীল। এর ফলে কখনো কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়, যা বিতর্কের জন্ম দেয় এবং রাজনৈতিক মেরুকরণকে বাড়িয়ে তোলে। সংসদের উচিত এই বিষয়ে একটি সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করা, যাতে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং রাজ্য সরকারের অধিকার— উভয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে।

মুখ্যমন্ত্রীর অভিযোগে ‘কোঅপারেটিভ ফেডারেলিজম’-এর কথাও উঠে এসেছে। এই ধারণা অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য একে অপরের সহযোগিতায় কাজ করবে। কিন্তু যদি কোনও পক্ষ মনে করে যে, অন্য পক্ষ তার ক্ষমতার সীমা অতিক্রম করছে, তাহলে এই সহযোগিতার ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। গণতন্ত্রের পক্ষে এটি মোটেও শুভ লক্ষণ নয়।

তবে এই বিতর্কে একটি বিষয় মাথায় রাখা জরুরি— নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা ভারতের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। অতীতে বহু কঠিন পরিস্থিতিতেও কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেছে। কিন্তু বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্মের পদ্ধতি সম্পর্কে বারবার গুরুতর অভিযোগ তুলেছে কেন্দ্র সরকারের বিরোধী দলগুলি। জ্ঞানেশ কুমার কেন্দ্রের শাসকদলের হয়ে কাজ করছেন, এমন অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অথচ কমিশনের প্রাতিষ্ঠানিক গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। অন্যদিকে, রাজ্য সরকারের প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্বের গুরুত্বের কথা মাথায় রাখা দরকার ও তাকে সম্মান করা আবশ্যক।

সবশেষে বলা যায়, এই বিতর্ক কেবল পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ভারতের গণতান্ত্রিক কাঠামোর একটি মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে এসেছে— ক্ষমতার সীমা কোথায় এবং সেই সীমা কীভাবে নির্ধারিত হবে। নির্বাচন যেমন গণতন্ত্রের প্রাণ, তেমনি সাংবিধানিক শৃঙ্খলা তার ভিত্তি। একটির নামে অন্যটিকে দুর্বল করা হলে গণতন্ত্রের সামগ্রিক কাঠামোই ক্ষতিগ্রস্ত হয়।

বর্তমান পরিস্থিতি তাই একটি সতর্কবার্তা বহন করছে— শুধু রাজনৈতিক দলগুলির জন্য নয়, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য। এখন প্রয়োজন সংযম, সংলাপ এবং সর্বোপরি সংবিধানের প্রতি একান্ত আনুগত্য। এই তিনের সমন্বয়েই কেবল এই জটিল পরিস্থিতির একটি গ্রহণযোগ্য সমাধান সম্ভব।