পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড়ের দিকে এগোচ্ছে, এ কথা এখন আর বলার অপেক্ষা রাখে না। ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফলাফল সেই পরিবর্তনের ইঙ্গিতকেই আরও স্পষ্ট করে দিল। একসময় দক্ষিণবঙ্গের যে অঞ্চলকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে মনে করা হত, সেখানে তার চতুর্থ স্থানে নেমে যাওয়া নিছক একটি নির্বাচনী পরাজয় নয়, বরং তাদের পক্ষে গভীর রাজনৈতিক সংকটের লক্ষণ।
এই ফলাফলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল ভোটের অঙ্কের পরিবর্তন। বিজেপি শুধু জেতেইনি, বিপুল ব্যবধানে জিতেছে, যা রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। অন্যদিকে, তৃণমূলের ভোটব্যাঙ্কে ফাটলের ইঙ্গিত মিলছে, বিশেষত সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে। যে ভোট একসময় প্রায় এককভাবে তৃণমূলের দিকে যেত, সেখানে তা বামফ্রন্টের দিকে গিয়েছে এবং এই কেন্দ্রে বামফ্রন্ট দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অর্থাৎ বিরোধী রাজনীতির ভিতরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কেবল নির্বাচনী নয়, সাংগঠনিকও। দলের ভিতরে অসন্তোষ বাড়ছে, নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, স্থানীয় স্তরে কর্মীদের একাংশ দূরে সরে যাচ্ছে, এমনকি জনপ্রতিনিধিদের মধ্যেও অস্বস্তি দেখা যাচ্ছে। এই চিত্র বাংলার রাজনীতিতে নতুন নয়। ২০১১ সালের পরে বামফ্রন্টের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গিয়েছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সংগঠনের ভিতরে যে হতাশা ও বিচ্ছিন্নতা তৈরি হয়, তৃণমূলও এখন সেই একই সমস্যার মুখোমুখি।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দলের প্রধান মুখ, কিন্তু তাঁর উপর নির্ভরতা এতটাই বেশি যে দ্বিতীয় সারির শক্তিশালী নেতৃত্ব তৈরি হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতের নেতা হিসেবে তুলে ধরা হলেও, তিনি সেই পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হতে পারেননি। রাজনৈতিক লড়াইয়ে কেবল জনপ্রিয়তা নয়, সংগঠন পরিচালনার দক্ষতা এবং সংকট মোকাবিলার ক্ষমতাও গুরুত্বপূর্ণ— যা এখন সময়ই বিচার করবে।
অন্যদিকে বিজেপির উত্থানও বিশেষভাবে লক্ষণীয়। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে দক্ষিণপন্থী রাজনীতির প্রভাব সীমিত ছিল। কিন্তু গত এক দশকে সেই চিত্র বদলেছে। এবারের নির্বাচনে বিজেপির সাফল্য এবং পরে ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে তার পুনরাবৃত্তি প্রমাণ করছে যে বিজেপি এখন স্থায়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। আরও গুরুত্বপূর্ণ হল, একবার ক্ষমতায় আসার পরে বিজেপিকে সরানো সহজ নয়— দেশের অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা তাই বলছে।
তবে এটাও মনে রাখা জরুরি যে বাংলার রাজনৈতিক সংস্কৃতি ভিন্ন। এখানে ক্ষমতার পরিবর্তন খুব ঘনঘন হয় না। গত পঞ্চাশ বছরে মাত্র দু’বার সরকার পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবার ক্ষমতায় এলেও, তাদের শাসন কতটা স্থায়ী হবে তা নির্ভর করবে তাদের প্রশাসনিক দক্ষতা এবং জনসমর্থন ধরে রাখার উপর।
অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের পুনর্গঠন করা। শুধুমাত্র আবেগ বা অতীতের সাফল্যের উপর ভর করে রাজনীতি করা সম্ভব নয়। সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং মানুষের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন— এই তিনটি বিষয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরুটাই ছিল সংগ্রামের মধ্য দিয়ে।
রাস্তায় নেমে আন্দোলন করে তিনি নিজের জায়গা তৈরি করেছেন। কিন্তু এই রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সংগঠন বিভিন্ন জেলায় যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তাতে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হয়ে পড়ছে। এর পর রাজনৈতিক মঞ্চে টিকে থাকাই তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।
ফলতা উপনির্বাচনের ফল তাই শুধু একটি আসনের ফল নয়— এটি একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের বার্তা। আগামী দিনে এই পরিবর্তন কতটা গভীর হবে, সেটা ভবিষ্যৎই বলবে।