পূর্ব মেদিনীপুরের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণাগুলি জেলাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। সড়ক ও রেল যোগাযোগের উন্নতি, নন্দকুমারে বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া, তাজপুরে বন্দর নির্মাণ এবং হলদিয়াকে ঘিরে শিল্পের প্রসার— সব মিলিয়ে জেলার অর্থনৈতিক ও সামাজিক বিকাশের একটি বিস্তৃত পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি দিঘা, মন্দারমণিকে পর্যটনকেন্দ্র হিসেবে আরও উন্নত করে তোলার কথাও বলেছেন। এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে পূর্ব মেদিনীপুরের উন্নয়নে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে।
পূর্ব মেদিনীপুরের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ শিল্প, বাণিজ্য ও পর্যটনের বিকাশের পক্ষে যথেষ্ট অনুকূল। একদিকে হলদিয়ার শিল্পাঞ্চল, অন্যদিকে দিঘা-মন্দারমণির সমুদ্রসৈকত, আবার জেলার বিস্তীর্ণ কৃষিপ্রধান এলাকা— এই তিনটি ক্ষেত্রকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে জেলার অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী হালদিয়া-নন্দীগ্রাম সংযোগ, খেজুরি-মহিষাদল যোগাযোগ এবং গেঁওখালি-নূরপুর ফেরি পরিষেবার উন্নতির যে পরিকল্পনার কথা জানিয়েছেন, তা বিশেষ গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহনে সময় ও খরচ কমবে এবং নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে।
রেল যোগাযোগের উন্নতিও এই জেলার অন্যতম প্রয়োজন। নন্দকুমার থেকে বালাইপণ্ডা হয়ে জলপাই পর্যন্ত প্রস্তাবিত রেলপথের সমীক্ষা এবং নন্দকুমার-দিঘা দ্বৈত রেলপথের কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকার অভিযোগ উঠেছে। পর্যটন, কৃষি এবং শিল্পের স্বার্থে এই প্রকল্পগুলির গুরুত্ব অপরিসীম। দিঘায় প্রতিদিন বহু পর্যটক আসেন। অন্যদিকে জেলার কৃষিপণ্য ও শিল্পজাত সামগ্রী পরিবহনের জন্যও উন্নত রেল পরিষেবা প্রয়োজন। তাই রেল প্রকল্পগুলির জট কাটিয়ে দ্রুত কাজ শুরু করা জরুরি। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকলে এই কাজে গতি আনা সম্ভব।
নন্দকুমারে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাটিও বিশেষ আশাব্যঞ্জক। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগের সরকারের সময় ওসমানপুর-বামুনিয়া মৌজায় এই প্রকল্পের জন্য ২০ একর জমি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু প্রাথমিক কাজের পর প্রকল্পের অগ্রগতি প্রত্যাশিত হয়নি। পূর্ব মেদিনীপুরের বহু ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য কলকাতা বা অন্য জেলায় যেতে হয়। অনেক পরিবারের পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন। স্থানীয়ভাবে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। গবেষণা, নতুন বিষয় নিয়ে পড়াশোনা এবং কর্মমুখী শিক্ষার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। শুধু শিক্ষার্থীরাই উপকৃত হবে না, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিরও প্রসার ঘটবে।
শিল্পের ক্ষেত্রে হলদিয়ার গুরুত্ব নতুন করে তুলে ধরার প্রয়োজন নেই। হলদিয়া দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যকেন্দ্র। সেখানে নতুন শিল্প স্থাপন, পুরনো শিল্পের সম্প্রসারণ এবং আনুষঙ্গিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে বহু মানুষের কর্মসংস্থান হতে পারে। একই সঙ্গে তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। বন্দর চালু হলে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ বাড়বে। পরিবহন, গুদামজাতকরণ, নির্মাণ, পরিষেবা এবং ছোট শিল্পের ক্ষেত্রেও নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়েই এই প্রকল্পের কাজ করতে হবে।
পর্যটন শিল্পের বিকাশও পূর্ব মেদিনীপুরের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। দীঘা ও মন্দারমণির পাশাপাশি জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলিকেও পর্যটনের মানচিত্রে আরও গুরুত্ব দিতে হবে।
মুখ্যমন্ত্রী শিক্ষিত বেকারদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথাও বলেছেন। এই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন উন্নয়নের পরিকল্পনাকে আরও অর্থবহ করে তুলবে। জেলার চারজন প্রতিনিধির রাজ্য মন্ত্রিসভায় উপস্থিতি মানুষের প্রত্যাশা বাড়িয়েছে। এই প্রতিনিধিত্বের সুফল যেন বাস্তব উন্নয়নের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, সেটাই কাম্য।
পূর্ব মেদিনীপুরের উন্নয়ন
pic- ai