আলোচনার সম্ভাবনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিম এশিয়ার অস্থির ভূ-রাজনীতিতে সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের সংঘাত, পারস্পরিক অবিশ্বাস এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ— এই সবকিছুর মধ্যে হঠাৎ আলোচনার সম্ভাবনা তৈরি হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা এবং ইরানের হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়ার সম্ভাবনা আন্তর্জাতিক রাজনীতিতে এক বাস্তববাদী সমাধানের পথ খুলে দিতে পারে।

প্রথমেই বোঝা দরকার, এই সংঘাতের পেছনে শুধু আদর্শগত বা সামরিক কারণ নেই— এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, নির্বাচনের আগে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে। যুদ্ধ মানে শুধু সামরিক ব্যয় নয়, এর সঙ্গে যুক্ত থাকে জনমত, আন্তর্জাতিক সমর্থন এবং অর্থনৈতিক প্রভাব। তাই ওয়াশিংটনের কাছে এই সংঘাত দ্রুত মেটানো একটি কৌশলগত প্রয়োজন।

অন্যদিকে, ইরানের অবস্থাও খুব শক্তিশালী নয়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অব্যবস্থা এবং সাম্প্রতিক সংঘাতের কারণে তাদের অর্থনীতি চাপে পড়েছে। মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছে, সাধারণ মানুষের জীবনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিচ্ছে। ফলে, বাহ্যিকভাবে কঠোর অবস্থান দেখালেও, বাস্তবে তেহরানের জন্যও একটি সমঝোতায় পৌঁছনো জরুরি হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর গুরুত্ব আলাদা করে উল্লেখ করা দরকার। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে, এখানে যে কোনও ধরনের অবরোধ শুধু সংশ্লিষ্ট দেশগুলিকেই নয়, গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে। তেলের দাম বেড়ে যায়, পরিবহন ব্যয় বাড়ে, এবং তার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তাই হরমুজকে কেন্দ্র করে কোনও একক দেশের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করতে পারে।


ইরানের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে— যেমন ক্ষতিপূরণ, সব ক্ষেত্রেই শত্রুতা বন্ধ, মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়া— তা অনেকাংশেই সর্বোচ্চ পর্যায়ের দাবি। কূটনীতিতে এমন দাবি নতুন নয়; আলোচনার শুরুতেই পক্ষগুলো প্রায়শই নিজেদের অবস্থান শক্ত করে তুলে ধরে। কিন্তু বাস্তবতা হল, সব দাবি পূরণ করা সম্ভব নয় এবং সেটাই আলোচনার মূল চ্যালেঞ্জ।

এই পরিস্থিতিতে একটি মধ্যপন্থী সমাধানই সবচেয়ে যুক্তিযুক্ত বলে মনে হয়। যেমন, যুক্তরাষ্ট্র যদি ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে এবং ইরানের কিছু সম্পদ মুক্ত করে দেয়, তাহলে তার বিনিময়ে ইরানকে নিঃশর্তভাবে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে হবে। এটি একটি আস্থার পরিবেশ তৈরি করতে পারে। এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে, ধরা যাক ৩০ থেকে ৬০ দিনের মধ্যে, দুই পক্ষ পারমাণবিক ইস্যু এবং অন্যান্য বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালাতে পারে।
এখানে ‘স্ন্যাপব্যাক’ বা পুনরায় নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। যদি কোনও পক্ষ চুক্তি ভঙ্গ করে, তাহলে দ্রুত পূর্বাবস্থায় ফিরে যাওয়ার সুযোগ থাকতে হবে। এতে করে চুক্তির প্রতি উভয় পক্ষের দায়বদ্ধতা বাড়বে।

তবে এই সমগ্র প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল মুখরক্ষা বা রাজনৈতিক সম্মান বজায় রাখা। আন্তর্জাতিক রাজনীতিতে কোনও দেশই এমন চুক্তিতে যেতে চায় না, যা তাদের দুর্বল বা পরাজিত বলে প্রমাণ করে। তাই সমঝোতার ভাষা, শর্ত এবং উপস্থাপন— সবকিছুই অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করতে হয়। যুক্তরাষ্ট্র এবং ইরান— দুই পক্ষকেই এই বাস্তবতা মাথায় রাখতে হবে।

বর্তমান পরিস্থিতি যেমন বিপজ্জনক, তেমনই সম্ভাবনাময়ও। সংঘাত দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না; গোটা বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক ভারসাম্য নড়বড়ে হয়ে উঠবে। তাই যুদ্ধের পথ ছেড়ে আলোচনার পথে এগোনোই একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।

কূটনীতির মূল কথা হল, প্রতিপক্ষকে এমন একটি অবস্থানে নিয়ে আসা, যেখানে সমঝোতা তার নিজের স্বার্থেই প্রয়োজনীয় হয়ে ওঠে। এই মুহূর্তে ঠিক সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে ওয়াশিংটন ও তেহরান। এখন দেখার, তারা এই সুযোগকে কাজে লাগাতে পারে কি না।