কালীপুজো ও দীপাবলি আলোর উৎসব। এই উৎসব মানুষের মনে আনন্দ, সম্প্রীতি ও আশার বার্তা নিয়ে আসে। কিন্তু সেই আনন্দ যখন অন্যের কাছে আতঙ্কের কারণ হয়ে ওঠে, তখন উৎসবের উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ে। এবারের কালীপুজো ও দীপাবলির রাতে কলকাতার যে ছবি সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। শহরের উত্তর থেকে দক্ষিণ, প্রায় সর্বত্রই নিষিদ্ধ শব্দবাজির দাপট দেখা গিয়েছে। রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানোর নির্দিষ্ট সময়সীমা থাকলেও বহু জায়গায় সেই নিয়মের কোনও তোয়াক্কা করা হয়নি। রাত গভীর হওয়ার পরেও চলেছে একের পর এক বিকট শব্দের বিস্ফোরণ। কোথাও কোথাও শব্দবাজির দৌরাত্ম্য শুরু হয়েছিল নির্ধারিত সময়ের আগেই।
কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ কোনও অঞ্চলই এই অত্যাচার থেকে রেহাই পায়নি। অবাধে চলেছে বাজি ফাটানো। হাসপাতাল ও নীরব এলাকা সংলগ্ন জায়গাতেও উচ্চ শব্দের বাজি পোড়ানোর অভিযোগ উঠেছে। অথচ অসুস্থ মানুষ, শিশু ও বয়স্কদের কথা একবারও ভাবা হয়নি।
শুধু শব্দদূষণ নয়, এবারের উৎসবের রাতে বায়ুদূষণও ভয়াবহ আকার নিয়েছিল। সন্ধ্যার পর থেকেই বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে। বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে রাতের দিকে পিএম ২.৫-এর মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। সল্টলেকে এই সূচক রাত এগারোটায় ৩৩০-এ পৌঁছয়, যা অত্যন্ত খারাপ বায়ুর ইঙ্গিত দেয়। বালিগঞ্জ ও যাদবপুরেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেও দূষণের মাত্রা ছিল উদ্বেগজনক। বাতাসে ধোঁয়া ও পোড়া বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছিল শহরের বিভিন্ন এলাকায়। এই সূক্ষ্ম দূষিত কণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে, এমনকী রক্তপ্রবাহেও মিশে যেতে পারে। শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য এর বিপদ আরও বেশি।
এর পাশাপাশি পরিবেশবিদদের আশঙ্কা, নিষিদ্ধ বাজিতে ব্যবহৃত বেরিয়াম, সিসা, পারদ-সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক বাতাসকে আরও বিষাক্ত করে তুলেছে। শীতের শুরুতে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় দূষিত বাতাস মাটির কাছাকাছি আটকে থাকার আশঙ্কাও থাকে। ফলে বাজি পোড়ানো বন্ধ হওয়ার পরেও তার ক্ষতিকর প্রভাব থেকে যায়।
এই শব্দ ও ধোঁয়ার অত্যাচার থেকে রেহাই পায়নি অবলা প্রাণীরাও। কুকুর, বেড়াল এবং অন্যান্য প্রাণী বিকট শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করেছে। অনেক পোষ্য প্রাণী আতঙ্কে ঘরের কোণে আশ্রয় নিয়েছে, আবার পথের প্রাণীরা নিরাপদ জায়গার সন্ধানে দিশেহারা হয়েছে। মানুষের কয়েক ঘণ্টার আনন্দের জন্য অন্য প্রাণীদের এই অসহায় যন্ত্রণা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। নিষিদ্ধ বাজি বিক্রি ও ব্যবহার রুখতে আগে থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল কি? পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, বেআইনি বাজিও উদ্ধার হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একাধিক দল নজরদারি চালিয়েছে। কিন্তু এই ব্যবস্থা যে যথেষ্ট ছিল না, শহরজুড়ে নিয়মভাঙার ঘটনা তারই প্রমাণ। নিয়ম ভাঙার পর অভিযোগ পেয়ে পুলিশ পৌঁছলেও অনেক ক্ষেত্রে অভিযুক্তরা সরে গিয়ে আবার বাজি ফাটাতে শুরু করেছে। অর্থাৎ নজরদারি ও শাস্তির ভয়— কোনোটাই যথেষ্ট কার্যকর হয়নি।
প্রশাসনকে তাই শুধু উৎসবের রাতে নয়, তার অনেক আগে থেকেই সক্রিয় হতে হবে। বেআইনি বাজির উৎপাদন, মজুত ও বিক্রি বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন। সংবেদনশীল এলাকা, হাসপাতাল ও জনবহুল অঞ্চলে বিশেষ নজরদারি রাখতে হবে। শব্দসীমা ও সময়সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নাগরিকদের মধ্যেও সচেতনতা বাড়ানো জরুরি।
উৎসবের আনন্দ অবশ্যই থাকবে। কিন্তু সেই আনন্দের মূল্য যদি হয় অন্যের অসুস্থতা, আতঙ্ক এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি, তবে তা কোনও সভ্য সমাজের কাম্য হতে পারে না। আলো জ্বালিয়ে উৎসব পালন করা যায়, শব্দের বিস্ফোরণ ঘটিয়ে নয়। মনে রাখতে হবে, সুস্থ পরিবেশ, নির্মল বাতাস এবং মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর নিরাপত্তাও আমাদের সামাজিক দায়িত্ব। উৎসব হোক আনন্দের, আতঙ্কের নয়।