শিশু মানেই নতুন স্বপ্ন। শিশু মানেই আগামী দিনের সম্ভাবনা। একটি শিশুর হাসির মধ্যে লুকিয়ে থাকে একটি সুন্দর পৃথিবীর ছবি। তার ছোট ছোট স্বপ্নের মধ্যেই জন্ম নেয় আগামী দিনের সমাজ ও সভ্যতা। তাই শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়। ১৯৮৯ সালের এই দিনেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ গ্রহণ করেছিল শিশু অধিকার সনদ বা United Nations Convention on the Rights of the Child (UNCRC)। এই সনদ পৃথিবীর প্রতিটি শিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তার স্বীকৃতি দিয়েছে। ভারত ১৯৯২ সালের ১১ ডিসেম্বর এই সনদ অনুমোদন করে।
কিন্তু শিশু দিবস কি শুধুই আনন্দ, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা উপহার বিতরণের দিন? নিশ্চয়ই নয়। এই দিনটি আমাদের আত্মসমীক্ষার দিন। আমাদের চারপাশের শিশুরা কতটা নিরাপদ? তারা কি সঠিক শিক্ষা পাচ্ছে? তারা কি নির্যাতন, শোষণ ও বাল্যবিবাহ থেকে মুক্ত? তাদের স্বপ্ন ও মতামতকে কি আমরা সম্মান করছি?এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলে UNCRC এবং ভারত সরকারের মিশন বাৎসল্য কর্মসূচির গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করা যায়।
UNCRC হলো শিশুদের অধিকার রক্ষার একটি আন্তর্জাতিক সনদ। এই সনদ অনুযায়ী, সাধারণভাবে ১৮ বছরের কম বয়সি প্রত্যেক মানুষ শিশু। এই সনদ আমাদের শেখায়, শিশু কারও দয়া বা করুণার পাত্র নয়। সে নিজেই একজন অধিকারসম্পন্ন মানুষ। শিশুকে শুধু খাবার, পোশাক ও আশ্রয় দিলেই দায়িত্ব শেষ হয় না। তার শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, খেলাধুলা, মতপ্রকাশ এবং মানসিক বিকাশের সুযোগও নিশ্চিত করতে হবে।
এই সনদের চারটি মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমত:বৈষম্যহীনতার অধিকার। ধনী-দরিদ্র, ছেলে-মেয়ে, ধর্ম, ভাষা, জাতি কিংবা শারীরিক সক্ষমতা—কোনও পরিচয়ের ভিত্তিতে শিশুর সঙ্গে বৈষম্য করা যাবে না।
দ্বিতীয়ত:শিশুর সর্বোত্তম স্বার্থ। শিশুকে কেন্দ্র করে নেওয়া প্রতিটি সিদ্ধান্তে তার কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বড়দের সুবিধা নয়, শিশুর প্রয়োজনই হবে প্রধান বিবেচ্য বিষয়।
তৃতীয়ত :বেঁচে থাকা ও বিকাশের অধিকার। প্রতিটি শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, পুষ্টিকর খাবার, চিকিৎসা, শিক্ষা এবং নিজের প্রতিভা বিকশিত করার সুযোগ থাকা প্রয়োজন।
চতুর্থত:মতামত প্রকাশ ও অংশগ্রহণের অধিকার। শিশুদের কথা শুনতে হবে। তাদের অনুভূতি, ইচ্ছা ও মতামতকে সম্মান করতে হবে। কারণ শিশুরাও নিজেদের জীবন সম্পর্কে ভাবতে পারে।
এই চারটি মূলনীতি আমাদের মনে করিয়ে দেয়, শিশুর অধিকার মানে শুধু বেঁচে থাকার অধিকার নয়। সম্মান, নিরাপত্তা ও আনন্দের সঙ্গে বেড়ে ওঠার অধিকারও তার প্রাপ্য।
ভারত সরকারের মিশন বাৎসল্য হলো সুরক্ষিত শৈশব গড়ার একটি উদ্যোগ । শিশুদের অধিকার রক্ষার আদর্শকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কার্যকর ব্যবস্থা। এই ভাবনা থেকেই ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে মিশন বাৎসল্য কর্মসূচি বিশেষ গুরুত্ব পেয়েছে।
পূর্ববর্তী সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের ধারাবাহিকতায় গড়ে ওঠা এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করা।এর মূল ভাবনা—Leave No Child Behind। অর্থাৎ কোনও শিশুই যেন সুরক্ষা, পরিচর্যা ও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত না থাকে।
মিশন বাৎসল্য বিশেষভাবে গুরুত্ব দেয় অনাথ, পরিত্যক্ত, নির্যাতিত, পাচারের শিকার, শিশুশ্রমে নিযুক্ত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের উপর। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, পরিবারহীন শিশু এবং আইনসংঘাতে জড়িয়ে পড়া শিশুদের ক্ষেত্রেও প্রয়োজনীয় সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে।এই কর্মসূচির আওতায় শিশু কল্যাণ কমিটি বা CWC, জেলা শিশু সুরক্ষা ইউনিট বা DCPU এবং বিভিন্ন শিশু পরিচর্যা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিপদে পড়া শিশুদের সাহায্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশু নির্যাতন, পাচার, পরিত্যাগ কিংবা অন্য কোনও বিপজ্জনক পরিস্থিতিতে এই নম্বরে যোগাযোগ করা যায়।
মিশন বাৎসল্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবারভিত্তিক পরিচর্যা। Sponsorship, Foster Care, Adoption এবং After Care-এর মতো ব্যবস্থার মাধ্যমে শিশুদের নিরাপদ পারিবারিক পরিবেশ, পরিচর্যা ও ভবিষ্যৎ গঠনে সহায়তা করা হয়। কারণ প্রতিটি শিশুর জন্য প্রতিষ্ঠানই শেষ আশ্রয় হতে পারে না। নিরাপদ হলে নিজের পরিবার ও সমাজের মধ্যেই তার বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই কাম্য।
UNCRC আমাদের জানায়, শিশুর কী কী অধিকার রয়েছে। আর মিশন বাৎসল্য সেই অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পরিষেবা ও প্রতিষ্ঠানকে শক্তিশালী করার একটি উদ্যোগ। একটি শিশু যদি নির্যাতনের শিকার হয়, তাহলে তার সুরক্ষা প্রয়োজন। একটি শিশু যদি পরিবারহীন হয়, তাহলে তার পরিচর্যা প্রয়োজন। একটি শিশু যদি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে তাকে আবার শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা প্রয়োজন। এই প্রতিটি ক্ষেত্রেই শিশু সুরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মনে রাখতে হবে, শিশুর সমস্ত অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব শুধু মিশন বাৎসল্যের নয়। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং শিশুদের সামগ্রিক বিকাশের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, আইন ও প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
একদিন স্কুল থেকে ফিরে ছোট্ট রাহুল মাকে জিজ্ঞাসা করল, “মা, শিশুদের অধিকার আছে বলে সবাই বলে। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, জোর করে কাজে লাগায়, বিয়ে দিয়ে দেয় কিংবা ভয় দেখায়, তখন আমরা কী করব?”
মা একটু থেমে বললেন, “শুধু অধিকার থাকলেই হবে না বাবা, সেই অধিকার রক্ষার উপায়ও জানতে হবে।”
রাহুলের প্রশ্ন থেকেই শুরু হল পরিবারের মধ্যে এক নতুন আলোচনা।
মা বোঝালেন, শিশুদের সুরক্ষার জন্য আমাদের দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন ও ব্যবস্থা রয়েছে। POCSO Act, 2012 শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করে। ছেলে ও মেয়ে উভয় শিশুই এই আইনের সুরক্ষা পায়। Juvenile Justice Act, 2015 বিপদে থাকা, নির্যাতিত, পরিত্যক্ত ও যত্নের প্রয়োজন এমন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করে।
Right to Education Act, 2009 ছয় থেকে চোদ্দো বছর বয়সি প্রতিটি শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করে। Child and Adolescent Labour (Prohibition and Regulation) Act শিশুদের শ্রমে নিয়োগের বিরুদ্ধে আইনি সুরক্ষা দেয়। অন্যদিকে, Prohibition of Child Marriage Act, 2006 বাল্যবিবাহ প্রতিরোধে আইনি ব্যবস্থা রেখেছে।
শুধু আইন নয়, শিশুদের পাশে দাঁড়ানোর জন্য রয়েছে বিভিন্ন জরুরি পরিষেবাও।
মা আরও বললেন, চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ ফোন করে বিপদে থাকা কোনও শিশুর সাহায্য চাওয়া যায়। এটি ২৪ ঘণ্টা চালু এবং জরুরি পরিষেবা ১১২-এর সঙ্গে যুক্ত। রয়েছে জেলা শিশু সুরক্ষা ইউনিট (DCPU), শিশু কল্যাণ সমিতি (CWC) এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR)। মিশন বাৎসল্য বিপন্ন শিশুদের আশ্রয়, পরিচর্যা, পুনর্বাসন ও সুরক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাহুল এবার মাকে বলল, “তাহলে কোনও শিশুকে নির্যাতন করা হলে, বাল্যবিবাহের চেষ্টা হলে কিংবা শিশুশ্রমে বাধ্য করা হলে চুপ করে থাকা উচিত নয়?”
মা বললেন, “একদম নয়। শিশুর কথা মন দিয়ে শুনতে হবে। তাকে দোষ দেওয়া যাবে না। নিরাপদ কোনও বড় মানুষের কাছে জানাতে হবে। প্রয়োজনে ১০৯৮ বা ১১২ নম্বরে ফোন করতে হবে। আর মনে রাখতে হবে, শিশুর নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়। পরিবার, স্কুল, প্রতিবেশী এবং সমাজের প্রত্যেকের দায়িত্ব।”
শিশু দিবস আমাদের কাছে শুধু আনন্দ, অনুষ্ঠান কিংবা উপহারের দিন নয়। এটি আত্মসমীক্ষারও দিন।
আমরা কি জানি, আমাদের আশপাশের কোনও শিশু নির্যাতনের শিকার হচ্ছে কি না? কোনও মেয়ের বাল্যবিবাহের আয়োজন চলছে কি না? কোনও শিশু স্কুল ছেড়ে শ্রমিক হয়ে যাচ্ছে কি না?
আইন আছে, ব্যবস্থা আছে, হেল্পলাইন আছে। কিন্তু সচেতনতা ও সদিচ্ছা না থাকলে সুরক্ষা অসম্পূর্ণ থেকে যায়।
তাই এবারের শিশু দিবসে আমাদের অঙ্গীকার হোক—প্রতিটি শিশু তার অধিকার জানবে, বিপদে সাহায্য চাইতে শিখবে এবং প্রতিটি বড় মানুষ শিশুর পাশে দাঁড়াবেন।
কারণ, শিশুকে শুধু ভালোবাসলেই হবে না, তাকে নিরাপদ রাখতেও হবে। শৈশব বাঁচলেই ভবিষ্যৎ বাঁচবে।
তাই এবারের থিম “My Day. My Rights. My Future”