ইতিহাসের পাতায় কিছু মানুষ তাঁদের চিহ্ন এমনভাবে ছেড়ে যান যা পরবর্তী প্রতিটি প্রজন্মের স্বপ্ন এবং পথচলাকেও প্রভাবিত করে। এমনই এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে তাঁর পরিচয় শুধু একজন প্রধানমন্ত্রী বা স্বাধীনতা সংগ্রামী হিসেবে নয়। তিনি ছিলেন চিন্তাবিদ, লেখক, আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ এবং আধুনিক ভারতের অন্যতম প্রধান স্থপতি। স্বাধীনতার পর দারিদ্র্য, অশিক্ষা ও অর্থনৈতিক দুরবস্থায় জর্জরিত দেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল তাঁর প্রধান লক্ষ্য।
১৮৮৯ সালের ১৪ নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম জওহরলাল নেহরুর। বাবা মতিলাল নেহরু ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। মা স্বরূপরানি নেহরু। আর্থিক স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হলেও ছোটবেলা থেকেই পড়াশোনা ও জ্ঞান অর্জনের প্রতি বিশেষ আগ্রহ ছিল তাঁর। প্রাথমিক শিক্ষা বাড়িতে শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। হ্যারো স্কুলে পড়াশোনার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়েন। এরপর লন্ডনের ইননার টেম্পল থেকে আইন বিষয়ে প্রশিক্ষণ নেন।
বিদেশে থাকাকালীন ইউরোপের রাজনৈতিক আন্দোলন, গণতান্ত্রিক চিন্তাভাবনা এবং সমাজতান্ত্রিক দর্শন তাঁকে প্রভাবিত করেছিল। দেশে ফিরে আইনজীবী হিসেবে কাজ শুরু করলেও দ্রুতই রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ১৯১৬ সালে লখনউ কংগ্রেস অধিবেশনে মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় হয়। গান্ধীর অহিংস আন্দোলন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পদ্ধতি নেহরুকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ধীরে ধীরে জাতীয় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন তিনি।
স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার কারণে ব্রিটিশ সরকারের হাতে একাধিকবার গ্রেপ্তার হন নেহরু। জীবনের দীর্ঘ সময় তাঁকে কারাগারে কাটাতে হয়েছিল। তবে বন্দিজীবনেও থেমে থাকেনি তাঁর চিন্তাভাবনা ও লেখালেখি। কারাগারের সময়কে কাজে লাগিয়ে ইতিহাস, রাজনীতি, সভ্যতা ও মানবসমাজ নিয়ে গভীরভাবে পড়াশোনা করেন।
১৯৩৪-৩৫ সালে কারাগারে বসে লেখেন ‘গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’। চিঠির আকারে লেখা এই বইয়ে বিশ্বের বিভিন্ন সভ্যতা ও রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস তুলে ধরেন তিনি। ১৯৪৪ সালে আহমেদনগর দুর্গে বন্দি থাকাকালীন রচনা করেন তাঁর বিখ্যাত বই ‘দ্য ডিসকভারি অব ইন্ডিয়া’। ভারতের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার বিবর্তন নিয়ে লেখা এই বই আজও গুরুত্বপূর্ণ।
১৯২৯ সালে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন নেহরু। তাঁর নেতৃত্বেই পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়। ব্রিটিশ শাসনের অধীনে সীমিত স্বায়ত্তশাসনের পরিবর্তে সম্পূর্ণ স্বাধীনতার দাবিকে সামনে নিয়ে আসে কংগ্রেস।
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতার আনন্দের পাশাপাশি দেশকে সামলাতে হয়েছিল দেশভাগের ভয়াবহতা। সাম্প্রদায়িক হিংসা, উদ্বাস্তু সমস্যা এবং অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন ছিল বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নেহেরু।
স্বাধীনতার প্রাক্কালে গণপরিষদে তাঁর দেওয়া ‘ট্রিস্ট উইথ ডেস্টিনি’ ভাষণ ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। সেই ভাষণে তিনি স্বাধীনতাকে নতুন দায়িত্ব ও সম্ভাবনার সূচনা হিসেবে তুলে ধরেছিলেন। তাঁর কাছে স্বাধীনতার অর্থ ছিল শুধু ব্রিটিশ শাসনের অবসান নয়, বরং দারিদ্র্য, অশিক্ষা, অসাম্য এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই।
তাঁর বিশ্বাস ছিল, ভারত বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের সম্মিলিত আবাস। তাই বহুত্ববাদ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন তিনি।
স্বাধীনতার পর নেহরুর অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক পুনর্গঠন। ঔপনিবেশিক শাসনের ফলে ভারতের শিল্প ও পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছিল। তাই পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় তাঁর সরকার। ১৯৫০ সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়। শুরু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
ভারতের শিল্পায়নে ভারী শিল্প, বিদ্যুৎ উৎপাদন, ইস্পাত এবং যন্ত্র নির্মাণকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন নেহরু। ভিলাই, রাউরকেলা ও দুর্গাপুরের মতো ইস্পাত কারখানা গড়ে ওঠে এই সময়। বিশেষ করে দুর্গাপুরের ইস্পাত কারখানা পূর্ব ভারতের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিকশিত উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান হল— ১৯৫১ সালে খড়্গপুরে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), পরে বম্বে, মাদ্রাজ, কানপুর ও দিল্লিতে আইআইটি গড়ে ওঠে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস), ১৯৬১ সালে কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) তথা ১৯৪৮ সালে গঠিত পরমাণু শক্তি কমিশন।
কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের উন্নতির জন্য বড় বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের ওপরও জোর দেন তিনি। ভাকরা-নাঙ্গল, হিরাকুদ এবং দামোদর ভ্যালি প্রকল্প দেশের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারও ছিল তাঁর উন্নয়ন ভাবনার অন্যতম দিক। তাঁর বিশ্বাস ছিল, বিজ্ঞানমনস্কতা ছাড়া আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।
রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও শিশুদের প্রতি বিশেষ স্নেহ ছিল নেহরুর। শিশুদের সঙ্গে সময় কাটাতে, তাঁদের সঙ্গে কথা বলতে এবং তাঁদের চিঠির উত্তর দিতে ভালোবাসতেন তিনি। সেই কারণেই ছোটদের কাছে পরিচিত হয়ে ওঠেন ‘চাচা নেহরু’ নামে। তাঁর জন্মদিন ১৪ নভেম্বর ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়।
শিক্ষাকে দেশের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম হাতিয়ার হিসেবে দেখতেন তিনি। উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত শিক্ষার প্রসারে একাধিক প্রতিষ্ঠান গড়ে ওঠে তাঁর শাসনকালে। ১৯৫৩ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের ক্ষেত্রে দক্ষ করে তোলাই ছিল তাঁর লক্ষ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্ব রাজনীতি দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। কিন্তু কোনও একটি শক্তিশালী দেশের সামরিক বা রাজনৈতিক জোটে যোগ দেওয়ার পরিবর্তে স্বাধীন বিদেশনীতি গ্রহণ করেন তিনি।
এই চিন্তা থেকেই জোটনিরপেক্ষ আন্দোলনের বিকাশ ঘটে। ১৯৫৫ সালের বান্দুং সম্মেলন এবং ১৯৬১ সালের বেলগ্রেড সম্মেলন এই আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়। নেহরুর পাশাপাশি মিশরের গামাল আবদেল নাসের, যুগোস্লাভিয়ার জোসিপ ব্রজ টিটো, ঘানার কোয়ামে নক্রুমা এবং ইন্দোনেশিয়ার সুকর্ণ এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বিশ্বশান্তি এবং উন্নয়নশীল দেশগুলির স্বাধীন অবস্থান প্রতিষ্ঠাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য।
নেহরুর রাজনৈতিক জীবন সমালোচনার ঊর্ধ্বে ছিল না। তাঁর অর্থনৈতিক নীতিতে সরকারি নিয়ন্ত্রণ ও ভারী শিল্পের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে পরবর্তী সময়ে প্রশাসনিক জটিলতা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষিক্ষেত্রেও প্রত্যাশিত উন্নয়ন সব সময় সম্ভব হয়নি।
সবচেয়ে বড় ধাক্কা আসে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের সময়। চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলেও সীমান্ত সংঘাতের মুখে ভারতকে সামরিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। প্রতিরক্ষা প্রস্তুতি ও গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনা নেহরুর রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল।
১৯৬৪ সালের ২৭ মে প্রয়াত হন জওহরলাল নেহরু। প্রায় ১৭ বছর প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক কাঠামো গঠনে নেতৃত্ব দিয়েছিলেন।
নেহরুর সব সিদ্ধান্ত যে বিতর্কের ঊর্ধ্বে, তা নয়। তাঁর নীতির সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে আজও আলোচনা চলে। তবে একটি সদ্য স্বাধীন দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর স্বপ্নের ভারত কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু আধুনিক, বিজ্ঞানমনস্ক, ধর্মনিরপেক্ষ ভারতের যে ধারণা তিনি সামনে রেখেছিলেন, তা দেশের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গিয়েছে। জওহরলাল নেহরুর জীবন তাই কেবল একজন নেতার জীবনী নয়, স্বাধীন ভারতের স্বপ্ন ও রাষ্ট্র নির্মাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।