বালেন্দ্র শাহের সফর ঘিরে ভারতের নতুন কূটনৈতিক পরীক্ষা

Image: IANS

নেপালের রাজনীতিতে বালেন্দ্র শাহের উত্থান ভারতের কাছে এক নতুন বাস্তবতা। দীর্ঘদিন ধরে নেপালের ক্ষমতার রাজনীতিতে পরিচিত কয়েকটি দলের আধিপত্য থাকলেও সাম্প্রতিক নির্বাচনে সেই ধারায় বড় পরিবর্তন এসেছে। দুর্নীতি, স্বজনপোষণ ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভকে পুঁজি করে ক্ষমতায় এসেছেন ৩৬ বছর বয়সি বালেন্দ্র শাহ। তাঁর প্রথম ভারত সফর তাই নিছক একটি দ্বিপাক্ষিক সৌজন্য সফর নয়। এর মধ্য দিয়ে দিল্লি যেমন নেপালের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্কের ভিত শক্ত করতে চাইছে, তেমনই কাঠমান্ডুও ভারতের সঙ্গে সহযোগিতার নতুন দিগন্ত
খুলতে আগ্রহী।
নেপাল ভারতের সাধারণ প্রতিবেশী নয়। দুই দেশের সম্পর্কের গভীরতা ইতিহাস, ভূগোল, ধর্ম, সংস্কৃতি ও মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্যে বিস্তৃত। প্রায় ১,৭৫০ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত দুই দেশের মধ্যে একদিকে যেমন আত্মীয়তা, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে তেমনই নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ দায়িত্বের জন্ম দিয়েছে। নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের উত্তরাঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি এবং আঞ্চলিক যোগাযোগের সঙ্গেও যুক্ত। তাই কাঠমান্ডুতে রাজনৈতিক পরিবর্তন ঘটলে দিল্লির পক্ষে তাকে গুরুত্ব না দিয়ে উপায় নেই।
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বালেন্দ্র শাহের বৈঠকের পর আটটি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র স্বাক্ষর এবং একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা এই সফরকে বিশেষ তাৎপর্য দিয়েছে। মহাকাশ প্রযুক্তি, স্বাস্থ্য, আয়ুর্বেদ, প্রশাসনিক প্রশিক্ষণ, নগরোন্নয়ন, পশুপালন, মৎস্যচাষ এবং নিরাপত্তা— বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সিদ্ধান্ত হয়েছে। ফরেনসিক বিজ্ঞান গবেষণা থেকে শুরু করে দুই দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। অর্থাৎ, ভারত-নেপাল সম্পর্ককে শুধু রাজনৈতিক ও বাণিজ্যিক স্তরে সীমাবদ্ধ না রেখে প্রশাসন, প্রযুক্তি ও জনজীবনের নানা ক্ষেত্রে প্রসারিত করার
চেষ্টা স্পষ্ট।
এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা নেপালের জন্য ২৪ হাজার কোটি নেপালি টাকার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকার উন্নয়ন সহযোগিতা প্যাকেজ। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে এই অর্থ সহায়ক হতে পারে। তবে এই ঘোষণার প্রকৃত মূল্য নির্ভর করবে অর্থ কত দ্রুত এবং কীভাবে প্রকল্পগুলিতে পৌঁছয় তার ওপর। কেবল আর্থিক প্রতিশ্রুতি নয়, তার বাস্তবায়নই ভারতের সদিচ্ছার সবচেয়ে বড় প্রমাণ হবে।
যোগাযোগ ও পরিকাঠামো ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অযোধ্যা ও জনকপুরের মধ্যে সরযূ-কমলা এক্সপ্রেস রেল পরিষেবা, সীমান্তে নতুন সমন্বিত চেকপোস্ট, ধারচুলায় ভারত-নেপাল সংযোগকারী মোটর চলাচলযোগ্য সেতু এবং লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের মতো উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক যোগাযোগকে আরও শক্তিশালী করতে পারে। মতিহারি-অমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইনের দ্বিতীয় পর্যায় এবং শিলিগুড়ি-ঝাপা পাইপলাইন সংক্রান্ত উদ্যোগ জ্বালানি সরবরাহে নতুন সম্ভাবনা তৈরি
করবে। এসব প্রকল্পের মাধ্যমে নেপালের অর্থনীতি যেমন উপকৃত হবে, তেমনই
ভারতের সীমান্তবর্তী অঞ্চলেও বাণিজ্য ও যোগাযোগ বাড়বে।
ভারতের কাছে নেপালের গুরুত্ব অবশ্য শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতও। ভারত ও চিনের মাঝখানে অবস্থিত এই হিমালয় রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। বেইজিং দীর্ঘদিন ধরেই নেপালে পরিকাঠামো ও বিনিয়োগের মাধ্যমে নিজের উপস্থিতি বাড়াচ্ছে। ফলে কাঠমান্ডুর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দিল্লির কাছে
অত্যন্ত জরুরি।
তবে নেপালকে চিনের প্রভাব থেকে দূরে রাখার জন্য চাপ সৃষ্টি করা কোনও কার্যকর কূটনীতি হতে পারে না। বরং উন্নয়ন, বিনিয়োগ, যোগাযোগ ও পারস্পরিক আস্থার মাধ্যমে ভারতের উপস্থিতিকে আকর্ষণীয় করে তুলতে হবে। নেপালেরও অধিকার রয়েছে নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী একাধিক দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার।
এখানেই ভারতের পুরনো প্রতিবেশী নীতির কিছু দুর্বলতা সংশোধন করা প্রয়োজন। নেপালের মানুষের মধ্যে দীর্ঘদিনের একটি অভিযোগ, ভারত অনেক সময় বন্ধুত্বের পরিবর্তে অভিভাবকের মনোভাব নিয়ে চলে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই মনোভাব অবিশ্বাস তৈরি করেছে। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা নিয়ে সীমান্ত বিরোধ তার অন্যতম উদাহরণ। বালেন্দ্র শাহ এই বিষয়গুলি উত্থাপন করলে ভারতকে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। তৃতীয় দেশের হস্তক্ষেপ ছাড়া দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যার সমাধান হওয়াই যুক্তিসংগত। কিন্তু আলোচনার দরজা খোলা রাখার দায়িত্বও দুপক্ষের।
প্রধানমন্ত্রী মোদী বৈঠকে রাম ও সীতার সাংস্কৃতিক যোগসূত্রের কথা তুলে ধরে দুই দেশের ঐতিহাসিক আত্মিক সম্পর্কের কথা স্মরণ করিয়েছেন। এই সাংস্কৃতিক
নৈকট্য নিঃসন্দেহে দুই দেশের সম্পর্কের শক্তিশালী ভিত্তি।
কিন্তু বর্তমান সময়ে শুধু ইতিহাস ও আবেগ দিয়ে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হবে না। নেপালের তরুণ সমাজ কর্মসংস্থান, উন্নত পরিকাঠামো, আধুনিক প্রযুক্তি এবং স্বচ্ছ প্রশাসন চায়। ভারতকে সেই প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে।
জলবিদ্যুৎ সহযোগিতাও বিশেষ গুরুত্বের দাবি রাখে। নেপালের বিপুল জলসম্পদ ভারতের বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। একই সঙ্গে ভারতীয় পরিকাঠামো ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির সুযোগ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিনিয়োগ, বিদ্যুৎ ক্রয় এবং সঞ্চালন ব্যবস্থার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ
চুক্তি প্রয়োজন।
বালেন্দ্র শাহের জন্যও এই সফর একটি বড় পরীক্ষা। নতুন নেতৃত্বের জনপ্রিয়তা তখনই স্থায়ী হবে, যখন তারা দেশের মানুষের জন্য চোখে পড়ার মতো উন্নয়ন ও প্রশাসনিক পরিবর্তন আনতে পারবে। অন্যদিকে ভারতের সাফল্যও শুধু কতগুলি চুক্তি স্বাক্ষরিত হল বা কত টাকার প্যাকেজ ঘোষণা করা হল, তার ভিত্তিতে বিচার করা যাবে না। নেপালের মানুষের আস্থা অর্জনই হবে আসল মাপকাঠি।
নেপালের রাজনৈতিক নেতৃত্ব বদলেছে, সুতরাং প্রতিবেশী হিসেবে ভারতকেও বদলাতে হবে সম্পর্ক পরিচালনার দৃষ্টিভঙ্গি। সমমর্যাদা ও আস্থার পাশাপাশি সহযোগিতার ভিত্তিতে ভারত-নেপাল সম্পর্ক এগোতে পারলে তা শুধু দুই দেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে। বালেন্দ্র শাহের সফর সেই নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।