বিশ্ব রাজনীতির পালাবদলে এশিয়ার গুরুত্ব ক্রমশ বাড়ছে। অর্থনীতি, সামরিক শক্তি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এশিয়ার দেশগুলির অবস্থান এখন বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার নিরপেক্ষ আন্তর্জাতিক নীতি গবেষণা সংস্থা লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ সালের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স’-এ ভারতের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বের দুই প্রধান শক্তি আমেরিকা ও চিনের পরেই ভারতের স্থান। জাপান, রাশিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশকে পিছনে ফেলে ভারত এশিয়ার তৃতীয় প্রধান শক্তি হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে। এটি নিঃসন্দেহে ভারতের পক্ষে এক বড় স্বীকৃতি।
লোয়ি ইনস্টিটিউট ২০১৮ সালে এই সূচক চালু করে। এশিয়ার দেশগুলির মধ্যে ক্ষমতা ও প্রভাবের বণ্টন এবং সময়ের সঙ্গে তার পরিবর্তন পরিমাপ করাই এই উদ্যোগের উদ্দেশ্য। ২০২৬ সালের সূচকে ২৭টি দেশ ও অঞ্চলকে ১৩১টি মাপকাঠিতে বিচার করা হয়েছে। অর্থনৈতিক ও সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব, প্রতিরক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিস্তার— সব দিকই এই মূল্যায়নের অন্তর্ভুক্ত।
এই সূচকে ভারতের সামগ্রিক স্কোর বেড়ে হয়েছে ৪০.৫। অন্যদিকে চিনের স্কোর সামান্য কমে দাঁড়িয়েছে ৭৩.৬। ফলে ভারত ও চিনের মধ্যে ব্যবধান ২০১৮ সালে এই সূচক চালু হওয়ার পর সবচেয়ে কম হয়েছে। ব্যবধান কমার এই প্রবণতা ভারতের ক্রমবর্ধমান শক্তি ও সম্ভাবনারই ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্য বিষয়, প্রথম দশটি দেশের মধ্যে ভারতের স্কোরই সবচেয়ে বেশি বেড়েছে। একমাত্র ভারতই পেয়েছে ঊর্ধ্বমুখী অগ্রগতির বিশেষ স্বীকৃতি।
ভারতের এই সাফল্যের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি সম্ভাবনা আন্তর্জাতিক মহলে আস্থা তৈরি করেছে। বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে ভারত এখন আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে। এই ক্ষেত্রে চিন, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশকে পিছনে ফেলেছে ভারত। গত এক দশকের বিদেশি বিনিয়োগের প্রবাহ বিবেচনা করে এই মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ ভারতের বাজার, উৎপাদন ব্যবস্থা, কর্মশক্তি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার উপর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এই আস্থাকে কাজে লাগিয়ে উৎপাদন, পরিকাঠামো, প্রযুক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও দ্রুত অগ্রসর হওয়া সম্ভব।
সামরিক শক্তির ক্ষেত্রেও ভারতের অবস্থান উল্লেখযোগ্য। লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে সশস্ত্র বাহিনীর জনবল ও সাংগঠনিক সক্ষমতার নিরিখে ভারত ১০০-তে ১০০ পেয়েছে। এই সূচকে চিনের স্কোর ৮৫.৩ এবং আমেরিকার ৬৪.৮। সেনাবাহিনীর আকার, প্রশিক্ষণ, প্রস্তুতি এবং সংগঠনের কার্যকারিতা এই মূল্যায়নের ভিত্তি। তবে সামরিক শক্তির প্রকৃত সাফল্য শুধু অস্ত্র বা সৈন্যসংখ্যায় নয়, প্রতিরোধক্ষমতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং শান্তি রক্ষার সামর্থ্যেও নিহিত।
কূটনৈতিক ক্ষেত্রেও ভারতের প্রভাব বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কূটনৈতিক মঞ্চ এবং আঞ্চলিক সহযোগিতা সংস্থায় অংশগ্রহণের নিরিখে ভারত যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৭টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব তার কূটনৈতিক সক্রিয়তার পরিচয় বহন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আঞ্চলিক নেতৃত্বের মূল্যায়নেও উন্নতি হয়েছে। ২০২৫ সালে পঞ্চম স্থানে থাকা মোদী ২০২৬ সালে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঠিক পরে। এশিয়ায় ভারতের স্বার্থ তুলে ধরা এবং কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা এই স্বীকৃতির অন্যতম ভিত্তি।
আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল ভারতের জনসংখ্যাগত শক্তি। ২০৫০ সাল পর্যন্ত কর্মক্ষম জনসংখ্যার সম্ভাবনার বিচারে ভারত ১০০-তে ১০০ পেয়ে প্রথম স্থানে রয়েছে। চিন ও আমেরিকার তুলনায় ভারতের এই সুবিধা অনেক বেশি। বিপুল তরুণ জনগোষ্ঠী ভারতের কাছে এক বিরাট সম্পদ।
সব মিলিয়ে ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্স ভারতের অগ্রযাত্রার একটি ইতিবাচক দলিল। আগামী দিনে এই সম্ভাবনাকে বাস্তব উন্নয়নে রূপান্তরিত করতে পারলে এশিয়ার শক্তির ভারসাম্যে ভারত শুধু গুরুত্বপূর্ণ অংশীদারই নয়, বিশ্ব রাজনীতির অন্যতম নির্ণায়ক শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে।