রান্নার গ্যাসের তীব্র সঙ্কটে নাজেহাল সাধারণ মানুষ থেকে রেস্তোরাঁ ব্যবসায়ীরা। প্রতিবাদে মঙ্গলবার সকালে মালদহের মনস্কামনা রোড এলাকায় বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। খালি এলপিজি সিলিন্ডার হাতে নিয়ে পথ অবরোধ করেন তাঁরা। দীর্ঘক্ষণ অবরোধ চলায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় ‘উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস’ নামে একটি ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস রয়েছে। অভিযোগ, গ্যাস বুক করার পরেও নির্দিষ্ট সময়ে সিলিন্ডার মিলছে না। বারবার ফোন করেও কোনও সাড়া মিলছে না। মঙ্গলবার সকালে বহু গ্রাহক অফিসে গিয়ে দেখেন, ঝাঁপ বন্ধ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে পথ অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, গ্যাস বুক করার দীর্ঘদিন পরেও সিলিন্ডার পাঠানো হচ্ছে না। অফিসে গেলে সন্তোষজনক উত্তর তো দূরের কথা, বরং দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে। এলাকার অনেকেরই দাবি, এই সমস্যা নতুন নয়। দীর্ঘদিন ধরেই ওই সংস্থার বিরুদ্ধে পরিষেবায় গাফিলতির অভিযোগ রয়েছে। অতীতে ওই সংস্থার বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে রাস্তায় নেমেছিলেন গ্রাহকরা। এ দিনের বিক্ষোভ ঘিরে মনস্কামনা রোড এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ক্ষুব্ধ গ্রাহকদের হুঁশিয়ারি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এবং কালোবাজারি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। যদিও গ্রাহকদের অভিযোগ নিয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া জানানি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর সংস্থা।