আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক তৎপরতা দ্রুত বাড়ছে। প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন দলের নেতারা ময়দানে নেমে পড়েছেন জোরকদমে প্রচারে। এই আবহে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার।
দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই সক্রিয় হয়ে ওঠেন অজিত মাহাতো। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর ঘোষণার পর থেকেই আর সময় নষ্ট না করে মাঠে নেমে পড়েছেন তিনি।
প্রচারের শুরুতেই ঝাড়গ্রাম শহরে প্রবীণ নেতা ও আইনজীবী প্রশান্ত রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন অজিত মাহাতো। এরপর প্রয়াত ঝুমুর শিল্পী বিজয় মাহাতোর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে এলাকায় তৈরি হয় আবেগঘন পরিবেশ। এরপর গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া এলাকায় দলের কার্যালয়ে পৌঁছে নেতা স্বপন পাত্র ও ব্লক সভাপতি টিঙ্কু পালের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করেন তৃণমূল প্রার্থী।
দিনভর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের লোধাশুলি ও নোহরিয়া এলাকায় দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন। সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন। প্রচার চলাকালীন অজিত মাহাতো বলেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জী আমার উপর আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’
সব মিলিয়ে, গোপীবল্লভপুরে প্রথম দিন থেকেই সক্রিয় প্রচারে নেমে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে, জঙ্গলমহলে তারা শক্ত জমি তৈরি করতে বদ্ধপরিকর।