প্রণাম করে প্রচার শুরু, ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই, জল্পনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিধানসভা নির্বাচন ঘিরে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে এক ব্যতিক্রমী লড়াইয়ের ছবি সামনে এসেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা প্রচারের প্রথম দিনেই মাকে প্রণাম করে জনসংযোগে নেমে পড়েছেন। অথচ ‘মা’ই হলেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের গুরু মা শিখা চ্যাটার্জীর আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করেন রঞ্জনশীল শর্মা। ছেলেকে আশীর্বাদ করে শিখা চ্যাটার্জী বলেন, ‘শুভবুদ্ধির উদয় হোক। দেশের ও মানুষের জন্য ভালো কাজ করুক রঞ্জন।’

এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা জানান, ‘শিখাদেবী আমার মা। মাকে প্রণাম করেই প্রচার শুরু করেছি। রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক এক নয়। ব্যক্তি জীবনে তাঁর আশীর্বাদ নিয়েই চলি, আগামীতেও চলব।’ এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। ডাবগ্রাম-ফুলবাড়িতে এবার সরাসরি মা-ছেলের লড়াই দেখতে চলেছে ভোটাররা। ফলে রাজনৈতিক উত্তেজনার পারদ আরও চড়েছে।


উল্লেখ্য, এই কেন্দ্রে বিজেপি আবারও প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জীকে। ২০২১ সালের নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী গৌতম দেবকে হারিয়ে জয়ী হন। সেই সময় শিখা চ্যাটার্জীর হাত ধরেই রাজনীতিতে আসেন রঞ্জনশীল শর্মা। পরে রাজনৈতিক পরিস্থিতির বদলে দু’জনের পথ আলাদা হয়ে যায়।

একদিকে মা, অন্যদিকে ছেলে—এই আবেগঘন ও বিরল রাজনৈতিক লড়াই এখন ডাবগ্রাম-ফুলবাড়ির প্রধান আকর্ষণ। শেষ পর্যন্ত কে জিতবেন, তা জানতে অপেক্ষা ভোটের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।