নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার নদিয়ায় মোট ১ হাজার ৪০০টি বুথ পরিচালনার দায়িত্ব থাকবে সম্পূর্ণভাবে মহিলাদের কাঁধে।
প্রশাসন সূত্রে খবর, নদিয়া জেলায় মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৬টি। নতুন নিয়মে কোনও বুথেই ১২০০-র বেশি ভোটার রাখা হচ্ছে না, ফলে ৪৫০টি অক্সিলিয়ারি বুথও তৈরি করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে ১৪০০টি বুথ হবে ‘পিঙ্ক বুথ’ বা মহিলা পরিচালিত বুথ। প্রতিটি বুথে একজন প্রিসাইডিং অফিসার এবং ৩ জন পোলিং অফিসার থাকবেন, যাঁদের সকলেই মহিলা। এই বুথগুলিকে বিশেষ সাজে সাজিয়ে তোলা হবে। পানীয় জল, বসার সুব্যবস্থা এবং পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ভোটারদের নজর কাড়তে চায় প্রশাসন।
তবে ভোটকেন্দ্রে সন্ত্রাস বা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মহিলা কর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও, কমিশন কড়া নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
জেলায় ইতিমধ্যে ১ হাজার ৪১১টি বুথকে ‘সুপার সেনসিটিভ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহিলা কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে তাঁদের নিজের বিধানসভা এলাকাতেই ডিউটি দেওয়া হয়েছে। ভোট শেষে তাঁদের ছোট গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছে প্রশাসন।
জেলায় নারীশক্তির এই জয়জয়কারে সবচেয়ে এগিয়ে রয়েছে কল্যাণী, রয়েছে ১৫৯টি মহিলা পরিচালিত বুথ এবং কৃষ্ণনগর উত্তর ১৫৫টি। এছাড়া নবদ্বীপে ১২০টি, রানাঘাট উত্তর পশ্চিমে ১৩০টি এবং চাকদহে ১২১টি বুথ মহিলারা পরিচালনা করবেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নৃপেন সিং বলেন, “নদিয়ার ইতিহাসে এবারই সবথেকে বেশি মহিলা পরিচালিত বুথ হচ্ছে। আমরা নারীশক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরছি। আশা করছি, এই পদক্ষেপের মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে পারব।”