গ্রাহক-কেন্দ্রিক পরিষেবার অংশ হিসেবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক দেশের প্রথম ব্যাঙ্ক হিসেবে নতুন ও পুরনো সব ক্রেডিট কার্ড গ্রাহকের জন্য শর্তহীন ‘জিরো ফরেক্স মার্কআপ’ (বিদেশী লেনদেন ফি) সুবিধা চালু করেছে। এর জন্য গ্রাহকদের নতুন কার্ড নিতে, পুরনো কার্ড আপগ্রেড করতে বা নির্দিষ্ট খরচের সীমা পূরণ করতে হবে না। বর্তমান ক্রেডিট কার্ডেই স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাওয়া যাবে।
বিদেশে লেনদেনের ক্ষেত্রে সাধারণত ফরেক্স মার্কআপ বাবদ অতিরিক্ত চার্জ দিতে হয়। ব্যাঙ্কের দাবি, ১ লক্ষ টাকার আন্তর্জাতিক লেনদেনে ৩.৫ শতাংশ ফরেক্স মার্কআপ এবং তার উপর জিএসটি যোগ হলে প্রায় ৪,১৩০ টাকা অতিরিক্ত খরচ হতে পারে। নতুন সুবিধার ফলে এই অতিরিক্ত মাশুল থেকে গ্রাহকেরা সাশ্রয় করতে পারবেন।
শুধু তাই নয়, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও কার্ড অনুযায়ী প্রযোজ্য রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকের সুবিধা বহাল থাকবে। ফলে শুধুমাত্র ফরেক্স চার্জ এড়ানোর জন্য আলাদা কোনও ফরেক্স কার্ড নেওয়ার প্রয়োজন থাকবে না।
বিদেশ ভ্রমণের পাশাপাশি আন্তর্জাতিক ই-কমার্স কেনাকাটা, বিভিন্ন অনলাইন সাবস্ক্রিপশন, স্ট্রিমিং পরিষেবা, সফটওয়্যার, শিক্ষা সংক্রান্ত খরচ এবং ব্যবসায়িক লেনদেনেও এই সুবিধা কাজে লাগবে। ফলে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী ও নিয়মিত আন্তর্জাতিক লেনদেনকারী গ্রাহকদের জন্য এটি কার্যকর হতে পারে।
ব্যাঙ্কের রিটেল লায়াবিলিটিস, ক্রেডিট কার্ডস অ্যান্ড পেমেন্টস বিভাগের প্রধান শিরিশ ভাণ্ডারি জানিয়েছেন, সব ক্রেডিট কার্ডে ফরেক্স মার্কআপ তুলে নিয়ে গ্রাহকদের আন্তর্জাতিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করাই এই উদ্যোগের লক্ষ্য।