আমেরিকা-ইরান সংঘাতের আঁচ, শেয়ার বাজারে ধস! ১২৩২ পয়েন্ট পড়ল সেনসেক্স

প্রতীকী চিত্র

আমেরিকা-ইরান সংঘাত ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে। তার জেরে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত সেনসেক্স পড়েছে ১২৩২ পয়েন্ট। নিফটির পতন ৩৯২ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৭৪,২৭২.৪০ পয়েন্টে। দিনের লেনদেনে ১২৩২ পয়েন্ট পতনের পর তা নেমে আসে ৭২,৫৫১.৪০ পয়েন্টে। একই ভাবে, বাজার খোলার সময় নিফটি ছিল ২৩,২২১.৮০ পয়েন্ট। ৩৯২ পয়েন্ট কমে তা নেমে আসে ২২,৮২৯ পয়েন্টে।

বিশ্লেষকদের মতে, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে তৈরি হওয়া নতুন উত্তেজনাই বাজারের উপর চাপ বাড়িয়েছে। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ফের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, হয় শান্তিচুক্তি হবে, নয়তো ইরানকে ‘নরকে পাঠানো’ হবে। পাশাপাশি, আমেরিকার মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর তেহরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।


এই মন্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে একাধিক আন্তর্জাতিক সংঘাত ও ভূরাজনৈতিক টানাপোড়েন। ফলে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম।

এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে—এই আশঙ্কায় তাঁরা ভারতীয় বাজার থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন বলে বিশ্লেষকদের মত। তারই জেরে বৃহস্পতিবার বড়সড় পতনের মুখে পড়েছে সেনসেক্স ও নিফটি।