টাটা গোষ্ঠীতে ক্ষমতার লড়াই তুঙ্গে! ট্রাস্টের অন্দরে বিরোধ, আদালতে ক্যাভিয়েট নোয়েলদের

টাটা গোষ্ঠীর অন্দরে ক্ষমতার লড়াই ঘিরে নতুন করে উত্তেজনা। গত ১৬ সেপ্টেম্বর ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্টস’-এর জারি করা একটি নির্দেশিকাকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হয়েছে। ট্রাস্টি হিসেবে নিজের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন শ্রীনিবাসন। তাঁর দাবি, ট্রাস্টের কয়েক জন সদস্যের সঙ্গে মতবিরোধের জেরেই তাঁর সিদ্ধান্তকে অকার্যকর করে দিতে ওই নির্দেশিকা জারি করা হয়েছিল।

শ্রীনিবাসনের অভিযোগ, ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্টস’-এর অন্দরে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ‘টাটা সন্স’-এর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। ২০২৫ সালের নভেম্বরের একটি ঘটনার উল্লেখ করে তাঁর দাবি, ভিন্নমতকে দমন করে মুষ্টিমেয় কয়েক জনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করার উদ্দেশ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

এই পরিস্থিতিতে নোয়েল টাটা এবং নেভিল টাটা ক্যাভিয়েট দাখিল করেছেন। আদালত যাতে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের বক্তব্য শোনে, সেই আবেদনই জানানো হয়েছে এর মাধ্যমে। ফলে টাটা গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধ আগামী দিনে আইনি লড়াইয়ের নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।


বেশ কিছু দিন ধরেই টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ কাঠামো নিয়ে মতবিরোধ চলছে। ‘টাটা সন্স’-এর প্রায় ৬৬ শতাংশ মালিকানা রয়েছে টাটা ট্রাস্টসের হাতে। অন্য দিকে, ‘শাপুরজি পালোনজি গোষ্ঠীর’ হাতে রয়েছে ১৮.৩৭ শতাংশ শেয়ার। বাকি অংশের মালিক অন্যান্য বিনিয়োগকারীরা।

এই বিরোধের অন্যতম প্রধান বিষয় ‘টাটা সন্স’-কে শেয়ার বাজারে নথিভুক্ত করা হবে কি না। শাপুরজি পালোনজি গোষ্ঠী সংস্থাটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার পক্ষে। তাদের মতে, বাজারে নথিভুক্ত হলে সংস্থার স্বচ্ছতা বাড়বে এবং শেয়ারের লেনদেনের মাধ্যমে একটি সুস্পষ্ট বাজারমূল্য তৈরি হবে।

অন্য দিকে, নোয়েল টাটা এর বিরোধী। তাঁর মতে, টাটা গোষ্ঠীর বর্তমান কাঠামোর সঙ্গে সমাজসেবামূলক কাজকর্মের মডেল গভীর ভাবে যুক্ত। শেয়ার বাজারে নথিভুক্ত হলে সংস্থার চরিত্র ও কাজের ধরনে পরিবর্তন আসতে পারে। তাই তালিকাভুক্তির পরিবর্তে বিকল্প পথ খোঁজার পক্ষপাতী তিনি।

তবে ‘টাটা সন্স’-কে শেয়ার বাজারে নথিভুক্ত না করার বিষয়ে সংস্থার আবেদন আগেই খারিজ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ফলে মালিকানা, প্রশাসনিক ক্ষমতা এবং ভবিষ্যৎ কাঠামো নিয়ে টাটা গোষ্ঠীর অন্দরের টানাপোড়েন কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর।