তীরের বেগে ঊর্ধ্বগামী সেনসেক্স, দোসর নিফটিও

Pic Source-ANI

আজ শেয়ার বাজারে তছনছ করে দিল সেনসেক্স ও নিফটি। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের হতাশা ও উদ্বেগকে আজ একদিনেই কার্যত মিটিয়ে দিল দালাল স্ট্রিটের এই দুই সূচক। আর তার ফলে হুড়মুড় করে সবুজে পরিণত হতে দেখা গেল একাধিক সেক্টরকে। বাজার বন্ধের পরে দেখা গিয়েছে আজ সেনসেক্সের বৃদ্ধি হয়েছে ৯৫৩.৭৬ পয়েন্ট। সেই সঙ্গে আজ নিফটি আইটি সূচক বেড়েছে ২ শতাংশ। নিফটি ৫০ বেড়েছে ২৬১.৫৫ পয়েন্ট।

 

আসলে আজ প্রকাশ করা হয়েছে একাধিক কোম্পানির প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট। আর তা দেখে রীতিমত স্বস্তিতে সকলে। আইটি সেক্টরগুলির ফল দেখে অনেকটাই স্বস্তি পেয়েছে বাকিরা। টেক মাহিন্দ্রার শেয়ার দর আজ বৃদ্ধি পেয়েছে ২ শতাংশ। অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ২ শতাংশ।  থেমে নেই টিসিএসও। যদিও রিপোর্টে দেখা গিয়েছে সংস্থার বৃদ্ধির গতি বেশ ধীর। তারপরেও সংস্থা এবারে আয় করেছে ১৩,৩৪৯ কোটির নেট প্রফিট। আর তার প্রভাব দেখা গিয়েছে সংস্থার শেয়ারেও। এর ফলে অনেকটাই উঠে এসেছে নিফটি আইটি সূচক। এছাড়াও বেদান্ত, টাটা স্টিল, হিন্ডালকো, হিন্দুস্থান জিঙ্কের দরও বেড়েছে অনেকটাই।


আজ প্রকাশিত হয়েছে জিও ফাইনান্সিয়াল সার্ভিসের রিপোর্ট। আর সেই রিপোর্ট সামগ্রিক ভাবে প্রভাব ফেলেছে রিলায়েন্সের শেয়ারে। এছাড়াও বেড়েছে ব্যাঙ্কিং সেক্টরও।  আজ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে ৩.৪১ শতাংশ। বাজাজ ফাইনান্সের শেয়ার দর বেড়েছে ১.৯০ শতাংশ। এক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে এই দর বেড়েছে ১.৮৬ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে শেয়ার দর বেড়েছে ১.৪৯ শতাংশ। এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে শেয়ার দর বেড়েছে ১.৩৫ শতাংশ। এসবিআইয়ের ক্ষেত্রে শেয়ার দর বেড়েছে ১.৩২ শতাংশ।

 

এছাড়াও আজ নিফটি প্রাইভেট ব্যাঙ্ক সূচক বেড়েছে ২.০৫ শতাংশ। আর নিফটি ফাইনান্সিয়াল সার্ভিসের সূচক বেড়েছে ১.১৪ শতাংশ। ফলে আজ বিনিয়োগকারীরা অনেকটাই স্বস্তি পেয়েছেন বিশেষ করে আইটি স্টক হোল্ডাররা আজ অনেকটাই প্রফিট বুক করে নিতে পেরেছেন। আজ হিন্দুস্তান ইউনিলিভার ২.২৮ শতাংশ, মাহিন্দ্রা এবং মাহিন্দ্রা ১.৯৫ শতাংশ পাওয়ার গ্রিড কর্পোরেশন ১.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও আজ তেলের দাম বৃদ্ধির সেরকম কোনো তথ্য সামনে আসেনি। সেই সসঙ্গে ভারতীয় মুদ্রার কোন পতন না হওয়ার কারণেই এই পরিস্থিতি দেখা গিয়েছে বাজারে।  এই মুহূর্তে রিলায়েন্সের দিকে তাকিয়ে অপেক্ষায় রয়েছেন সকল বিনিয়োগকারীরা। কারণ যেভাবে রিলায়েন্সের স্টকের বৃদ্ধি হয়েছে তা রীতিমত অবাক করেছে। আর সেই সঙ্গে জিও ফাইনান্সিয়াল সার্ভিস নিয়েও আগ্রহ রয়েছে বিনিয়োগকারীদের।