SBI-তে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডার্ক ওয়েবে ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে। কী ভাবে এই তথ্য ফাঁস হল, তার পরিমাণ কতটা এবং এর জেরে গ্রাহকদের কী ধরনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

SBI জানিয়েছে, গত ১৬ অক্টোবর তাদের থ্রেট ইন্টেলিজেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-এর কাছ থেকে সতর্কবার্তা পায় ব্যাঙ্ক। ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সতর্কবার্তা পাওয়ার পরই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়।

কী কী তথ্য ফাঁস হয়েছে?

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, নথিভুক্ত মোবাইল নম্বর, জন্মতারিখ, লিঙ্গ, ইমেল আইডি এবং বাড়ির ঠিকানা। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখার পরিচিতি, সিআইএফ নম্বর, লিড আইডি, ঋণ সংক্রান্ত রেকর্ড এবং বিভিন্ন ফাইলের মেটাডেটা ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই তথ্য কাজে লাগিয়ে সাইবার প্রতারণা বা অন্য কোনও অপরাধের চেষ্টা হতে পারে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ফাঁস হওয়া তথ্যের প্রকৃত পরিমাণ এবং গ্রাহকদের উপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

তথ্য ফাঁসের উৎস খুঁজতে তদন্ত

ঘটনাটি সামনে আসার পর সাইবার হামলা মোকাবিলা এবং ফাঁস হওয়া তথ্যের আরও বিস্তার রুখতে নির্ধারিত প্রোটোকল কার্যকর করেছে SBI। পাশাপাশি, CERT-In-এর অনুমোদিত একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

তথ্য ফাঁসের সম্ভাব্য উৎস চিহ্নিত করা, ঘটনার ব্যাপ্তি নির্ধারণ করা এবং গ্রাহকদের নিরাপত্তার উপর এর প্রভাব মূল্যায়ন করাই তদন্তের মূল লক্ষ্য। প্রয়োজন অনুযায়ী সংশোধনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।

SBI-র দাবি, এই ঘটনার কারণে ব্যাঙ্কের মূল ব্যবসায়িক কাজকর্ম, আর্থিক ফলাফল কিংবা পরিষেবা চালু রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও প্রভাব পড়েনি। বর্তমানে দৈনন্দিন ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রয়েছে।

তথ্য ফাঁসের খবরের মধ্যেই বাড়ল SBI-র শেয়ার

এদিকে, বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) SBI-র শেয়ারের দামে ওঠানামা দেখা যায়। আগের দিনের ৯৭২.৪৫ টাকার বন্ধ দরের তুলনায় বেড়ে শেয়ারের দাম এক সময় ৯৮৩.৩০ টাকায় পৌঁছয়। পরে দাম কিছুটা কমে ৯৭৬.৬৫ টাকায় লেনদেন হচ্ছিল।

তবে শেয়ারের এই ওঠানামার সঙ্গে গ্রাহকদের তথ্য ফাঁসের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও তথ্য জানানো হয়নি।